ভোটাররা ভোট দিতে পারলে জিতবেন, দাবি আহসানের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র ৬ দিন। কিন্তু এখনো মাঠের প্রচারণায় সক্রিয় হতে পারেননি ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আহসান উল্লাহ হাসান। তিনি বলছেন, পুলিশের গ্রেপ্তার ও হয়রানি এবং রাজনৈতিক প্রতিপক্ষের হামলার কারণে এই পরিস্থিতির তৈরি হয়েছে। তবে ভোটাররা ভোট দিতে পারলে তিনি বিজয়ী হবেন।
মিরপুরের রূপনগর ও পল্লবী থানা নিয়ে ঢাকা-১৬ আসন। আসনটিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ ও বিএনপির স্থানীয় নেতা এ কে এম মোয়াজ্জেম হোসেনকে প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন দেওয়া হয়। পরে আহসান উল্লাহর মনোনয়ন চূড়ান্ত করা হয়। এবারই প্রথম প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৭৪ হাজার ৩৪০ জন। এবার এই আসনে আওয়ামী লীগ, বিএনপিসহ ছয়টি দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গতকাল রোববার রূপনগর ও পল্লবীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, নৌকার পোস্টার–ব্যানারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা। বিভিন্ন মোড়ে, মার্কেটে মাইকে প্রচারণা চলছে নৌকার প্রার্থীর পক্ষে। কোদাল, গোলাপ ফুল ও হাতপাখা প্রতীকের প্রার্থীদেরও পোস্টার দেখা গেছে। কিন্তু কোথাও বিএনপির প্রার্থীর পোস্টার দেখা যায়নি।
স্থানীয় লোকজন বলেন, প্রতীক বরাদ্দের পর প্রতিপক্ষ রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কিন্তু বিএনপির প্রার্থীকে প্রচারণায় দেখা যায়নি। তাঁর স্ত্রী রিনা হাসান প্রচারণায় নেমে পুলিশের হাতে একবার আটক হয়েছিলেন।
স্থানীয় সূত্র জানায়, ১৫ ডিসেম্বর আহসান উল্লাহর স্ত্রী রিনা হাসানের নেতৃত্বে স্থানীয় নারীকর্মীরা মিরপুর ৬ নম্বর সেকশনে প্রচারপত্র বিতরণ করছিলেন। এ সময় তাঁরা হামলার শিকার হন। পরে রিনা হাসান কর্মীদের নিয়ে আশপাশের বাড়িতে আশ্রয় নেন। এর কিছুক্ষণ পর রিনা হাসান ও তাঁর বোন রুমানা আক্তারকে আটক করে পল্লবী থানার পুলিশ। পরদিন তাঁদের ছেড়ে দেওয়া হয়।
মাঠে প্রার্থীর অনুপস্থিতি ভোটে প্রভাব ফেলবে কি না, জানতে চাইলে আহসান উল্লাহ বলেন, ‘আমার নামে ৬৭টি মামলা আছে। আরও মামলা দেওয়া হচ্ছে। ভোটাররা জানেন, আমি কেন মাঠে থাকতে পারছি না। তাই আমি মাঠে থাকা না–থাকায় ভোটে প্রভাব পড়বে না। ভোটাররা ভোট দিতে পারলে আমি বিজয়ী হব।’ তিনি আরও বলেন, হামলা ও আটকের কারণে প্রচারণার কৌশল পরিবর্তন করা হয়েছে। ফোনে, অনলাইনে ভোটারদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি মাইকিং করা হচ্ছে। তবে মাইকিং করতেও বাধার মুখে পড়তে হচ্ছে। গত শনিবারও মাইক ভাঙচুর করা হয়েছে।
আহসান উল্লা বলেন, পল্লবী ও রূপনগর থানা বিএনপির শীর্ষ নেতাসহ ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, তিনি নিজে মাঠে না থাকলেও তাঁর স্ত্রী রিনা হাসান প্রচারণা চালাচ্ছেন। দলগতভাবে না গিয়ে কয়েকজনকে সঙ্গে নিয়ে বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন ও প্রচারপত্র বিলি করছেন।
মিরপুর ৬ নম্বর সেকশনের ১৫ নম্বর সড়কে কথা হয় ষাটোর্ধ্ব এক ব্যক্তির সঙ্গে। তিনি এখানে প্রায় ৩০ বছর থাকেন। নিরাপত্তার স্বার্থে তিনি নাম প্রকাশ করতে রাজি হননি। এই ব্যক্তি বলেন, ‘চারদিকেই নৌকার কথা। বিএনপির প্রার্থীকে কোনো সুযোগই দেওয়া হচ্ছে না। মনোনয়ন পাওয়ার পর তিনি এই এলাকায় একবারের জন্যও আসতে পারেননি।’ ভোটের পরিবেশ ভালো না উল্লেখ করে ওই ব্যক্তি বলেন, এমন নির্বাচন তিনি আগে কখনো দেখেননি।