ভোটাররা মুঠোফোনে ভোটার নম্বর ও কেন্দ্র জানতে পারবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটাররা মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে নিজেদের ভোটকেন্দ্র ও ভোটার নম্বর সম্পর্কে তথ্য জানতে পারবেন। এ বিষয়ে গতকাল সোমবার বিকেলে নির্বাচন কমিশন ও গ্রামীণফোনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মুহাম্মদ হুমায়ুন কবির জানান, ভোটারদের নিজেদের মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে ইংরেজিতে id অক্ষর দুটি লিখতে হবে। এরপর স্পেস দিয়ে চার সংখ্যায় নিজের জন্মসাল লিখতে হবে। আরেকটি স্পেস দিয়ে নিজের জাতীয় পরিচয়পত্রের ১৩ সংখ্যার পিন নম্বর লিখতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়, id 0000 0000000000000। জাতীয় পরিচয়পত্রের পিন নম্বর ১৭ সংখ্যার হলে জন্মসাল লিখতে হবে না। এরপর বার্তাটি ২২৩৩ নম্বরে পাঠিয়ে দিতে হবে। ফিরতি বার্তায় ভোটার তাঁর ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের নাম জানতে পারবেন। অনুষ্ঠানে গ্রামীণফোনের পক্ষ থেকে জানানো হয়, আপাতত শুধু গ্রামীণফোন থেকে এই সেবা পাওয়া যাবে। গ্রামীণফোনের সঙ্গে অন্যান্য মোবাইল ফোন অপারেটরের আন্তসংযোগ ৩ জুনের মধ্যে তৈরি হবে। তখন অন্যান্য অপারেটরের মুঠোফোন থেকেও একই সেবা পাওয়া যাবে।অনুষ্ঠানে আরও জানানো হয়, ভবিষ্যতে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন এবং দশম জাতীয় সংসদ নির্বাচনেও গ্রাহকেরা একই ধরনের সুবিধা পাবেন।