
বেলা ১১টা। চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্র। কেন্দ্রে কোনো ভোটার নেই। ভোটারশূন্য কেন্দ্রে খোশগল্পে মগ্ন পুলিশের সদস্যরা।
কেন্দ্রের ভেতরে পুরুষ ও নারীদের তিনটি বুথে গিয়ে দেখা যায়, ধানের শীষের কোনো এজেন্ট নেই। সাংবাদিকদের দেখে তিন যুবক নারী বুথে পোলিং এজেন্টের জায়গায় গিয়ে বসে পড়েন। তাঁদের গলায় ঝোলানো ছিল নৌকা প্রতীকের পরিচয়পত্র। এ সময় দেখা যায়, ব্যালট বাক্সে নৌকায় সিল মারা ভাঁজবিহীন কিছু ব্যালট পড়ে আছে।
কেন্দ্রের অন্য একটি ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে গিয়ে দেখা যায়, কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নুরুল হুদা ঝিমুচ্ছেন। তিনি জানান, এই কেন্দ্রের ভোটার ১ হাজার ৩৯৯ জন। এর মধ্যে ততক্ষণে ৮০০ জন ভোটার ভোট দিয়েছেন। এত কম সময়ে এত ভোট কীভাবে পড়ল জানতে চাইলে তিনি বলেন, সকালে ভোটারের উপস্থিতি ভালো ছিল।
বেলা সোয়া ১১টা। একই ইউনিয়নের শহীদ কামাল উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কয়েকজন যুবক উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছেন। সাংবাদিকদের দেখে তাঁরা লাইনে দাঁড়িয়ে যান। এ সময় এক যুবকের হাত থেকে ভোটার স্লিপ নিয়ে বাবার নাম জিজ্ঞেস করলে তিনি জবাব দিতে পারেননি।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এ জেড এম আশ্রাফ খান বলেন, তাঁর কেন্দ্রে জাল ভোট দিতে আসা কাউকে চোখে পড়েনি। তিনি জানান, কেন্দ্রের ভোটার ১ হাজার ৩০০ জন। ওই সময় পর্যন্ত ভোট পড়েছে ৭০০।
গতকাল শনিবার উপজেলার ছয়টি ইউনিয়নের অন্তত আটটি ভোটকেন্দ্র ভোটারবিহীন দেখা গেছে। অথচ এসব কেন্দ্রে ব্যালটবাক্সে প্রচুর ব্যালট দেখা গেছে। এই পরিস্থিতির পরও কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের দাবি, ভোটার উপস্থিতি বেশ ভালো। ভোট গ্রহণের আনুপাতিক হারও ভালো।
দুপুর সাড়ে ১২টার দিকে ওয়াহেদপুর ইউনিয়নের সরকারহাট এনআর উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের মাঠ ফাঁকা। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হানিফ ভূঁইয়ার দাবি, সকালে ভোটার উপস্থিতি ভালো ছিল। কেন্দ্রের ১ হাজার ৪১৯ জন ভোটারের মধ্যে ওই সময় পর্যন্ত ৮০০ ভোট পড়েছে।
ওই কেন্দ্রে ধানের শীষের কোনো এজেন্টকে দেখা যায়নি। এ প্রসঙ্গে প্রিসাইডিং কর্মকর্তা বলেন, তাঁরা কেন্দ্রে আসেননি।
সকাল সাড়ে ১০টার দিকে মঘাদিয়া ইউনিয়নের ডা. জামাল বদরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে কোনো ভোটার দেখা যায়নি।
এদিকে সকাল সাড়ে নয়টার দিকে মঘাদিয়া ইউনিয়নের উত্তর মঘাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছাকাছি যেতেই দেখা যায় নারী ও পুরুষ ভোটাররা ছুটে পালাচ্ছেন। রবিউল নামের একজন ভোটার বললেন, এক সদস্য প্রার্থীর লোকজন দা-কিরিচ নিয়ে ভোটারদের তাড়া করছেন। প্রাণে বাঁচতে তাঁরা দৌড়ে পালাচ্ছেন।
কেন্দ্রের কাছে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়। কিছুক্ষণ পর কয়েকজন ভোটার লাইনে গিয়ে দাঁড়ান।
পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ বলেন, কেন্দ্রের ভেতরে কোনো গন্ডগোল হয়নি। বাইরে কী হয়েছে, তা তিনি জানেন না। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মহিউদ্দীন সরকার জানান, দেড় ঘণ্টায় ওই কেন্দ্রে ভোট পড়েছে ৩৯০টি।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়া আহমেদ সুমন বেলা তিনটার দিকে প্রথম আলোকে বলেন, তিনি সকালে দুটি কেন্দ্রে গোলযোগের খবর পেয়েছেন। সেখানে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তিনি জানান, মিঠানালার একটি কেন্দ্রে পুলিশকে ১০টি গুলি ছুড়তে হয়েছে। এ ছাড়া দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। বাকি ৪৬ কেন্দ্র থেকে তিনি কোনো অভিযোগ পাননি।
বিএনপির প্রার্থীদের নির্বাচন প্রত্যাখ্যান: বেলা সাড়ে ১১টার দিকে মায়ানী ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী নূর হোসেন নিজ বাড়িতে সংবাদ সম্মেলন ডেকে ভোট প্রত্যাখ্যানের ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমার এজেন্টদের কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। আওয়ামী লীগের প্রার্থীর সন্ত্রাসীরা ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভর্তি করে রেখেছেন। ভোটারদের বাধা দিয়েছেন। এমনকি আমি নিজের ভোটও দিতে পারিনি। সকাল আটটার দিকে কেন্দ্রে যাওয়ার সময় বহিরাগত কয়েকজন যুবক আমাকে বাধা দেয়। এরপর আমি ফিরে আসি।’
ওয়াহেদপুর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন সেলিমও নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দেন।
বেলা দুইটার দিকে খৈয়াছড়া ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন নিজ বাড়িতে সংবাদ সম্মেলন ডেকে নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দিয়ে পুনর্নির্বাচনের দাবি জানান।
গতকাল মিরসরাইয়ের ছয়টি ইউপিতে ভোট গ্রহণ করা হয়। তবে তিন ইউপিতে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ হয়নি। ওই তিন ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সংঘর্ষ: স্থানীয় সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা গ্রামের সুফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সদস্য পদপ্রার্থী ফয়েজ আহম্মদের পায়ে গুলি লাগে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন।