ভোটারশূন্য কেন্দ্রেও ভোটপূর্ণ বাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটারশূন্য ভোটকেন্দ্র। ভোটারদের পথে পথে বাধা। জাল ভোটের মহোৎসব, ব্যালটসহ বাক্স ছিনতাই। সরকারদলীয়দের অবস্থান, আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ। কিছু সময়ের জন্য ভোট গ্রহণ স্থগিত, বিএনপি-সমর্থিত প্রার্থীদের ভোট বর্জন।

দিনভর এমনই ছিল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলার ভোটের চিত্র। এ পরিস্থিতিতে দুপুর সাড়ে ১২টার দিকে পুনর্নির্বাচনের দাবি করেন নাঙ্গলকোট উপজেলার বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী নজীর আহমেদ ও চৌদ্দগ্রামের প্রার্থী কামরুল হুদা। এই দাবিতে দুই উপজেলায় আজ রোববার অর্ধদিবস হরতালের ডাক দেওয়া হয়েছে।

এই দুই উপজেলা আওয়ামী লীগ সরকারের দুই মন্ত্রীর নির্বাচনী এলাকা। এঁরা হলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও রেলমন্ত্রী মুজিবুল হক। সুষ্ঠু ভোট হওয়া নিয়ে তাই আগে থেকেই বিএনপি আশঙ্কার কথা বলে আসছিল।

গতকাল এই দুই উপজেলার অন্তত এক-তৃতীয়াংশ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল না বললেই চলে। তার পরও কোনো কোনো কেন্দ্রে দুপুরের মধ্যেই ৫০ থেকে ৮০ ভাগ ভোট পড়েছে। কেন্দ্রে ছিলেন না বিএনপি-সমর্থিত প্রার্থীদের এজেন্ট। সকালের দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতারা প্রথম আলোকে বলেছেন, বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্ট চা খেতে গেছেন। আর দুপুরের দিকে বলেছেন, এজেন্ট খাবার খেতে গেছেন।

নাঙ্গলকোট উপজেলা: সকাল পৌনে নয়টায় মক্রবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে বিএনপি-সমর্থিত প্রার্থীর সমর্থকেরা ভোট দিতে গেলে আওয়ামী লীগ সমর্থকেরা বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইউপাটকেল নিক্ষেপের ঘটনায় ১০ আহত হন। ভোটার উপস্থিতি তেমন না থাকলেও ওই কেন্দ্রে প্রথম এক ঘণ্টায় ভোট পড়ে এক হাজার ৪০০টি। এখানে মোট ভোটার তিন হাজার ৪২। কাকৈরতলা উচ্চবিদ্যালয়কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বিএনপি কর্মী মুজিবুর রহমান ও শিবিরকর্মী জাহাঙ্গীর গুলিবিদ্ধ হন। 

সরকারদলীয়দের জাল ভোটের মহোৎসবের সঙ্গে পেরে না উঠে বিএনপির স্থানীয় নেতারা তাদের কাছ থেকে কিছু ব্যালট চেয়ে নিয়ে নিজ প্রার্থীর পক্ষে সিল মেরেছেন। এমন ঘটনা ঘটেছে এ আর উচ্চবিদ্যালয় ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে। জানতে চাইলে উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন ওরফে ছোট নয়ন প্রথম আলোকে বলেন, ‘বিএনপি-সমর্থিত প্রার্থীর জন্য আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে ৫০০ ব্যালট চেয়ে নিয়েছি। চিন্তা করলাম জাল ভোটে বাধা দিতে গিয়ে শুধু শুধু ঝামেলা করে লাভ কী?’

শিহর জামেরিয়া রহমানিয়া মাদ্রাসাকেন্দ্রে সাড়ে ১২টা পর্যন্ত এক হাজার ৫১১ ভোটের মধ্যে ৯০০, চিয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটা পর্যন্ত দুই হাজার ২২১ ভোটের মধ্যে এক হাজার ২০০ ভোট, বাতুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই হাজার ২২৩ ভোটের মধ্যে এক হাজার ৮০০ ভোট পড়ে। এই কেন্দ্রগুলোর ভোট পড়ার আকর্ষণীয় দিকটি হলো সব কেন্দ্রে ‘রাউন্ড ফিগার’ ভোট পড়েছে। কেননা প্রতিটি ব্যালটের মুড়িতে ১০০টি করে ব্যালট পেপার থাকে।

চৌদ্দগ্রাম উপজেলা: সকাল ১০টার দিকে নানকরা কেন্দ্রে হামলা চালান স্থানীয় জামায়াত ও শিবিরের কর্মীরা। শিবিরের কর্মীরা ছিলেন সবাই কমবেশি সশস্ত্র। তাঁরা ব্যালট বাক্স ছিনতাই করে ব্যালট পেপার ছিঁড়ে পানিতে ভাসিয়ে দেন। পুলিশ এখানে ২৪ রাউন্ড গুলি ছোড়ে। তিনজন শিবিরের কর্মীকে গ্রেপ্তার করা হয়।

জামায়াতের এই হামলার পর চৌদ্দগ্রামের বহু কেন্দ্রে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান নেন। দুপুর ১২টার দিকে উপজেলার সাঙ্গীশ্বর বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে জাল ভোটের মহোৎসব চলছে। তিন হাজার ৭০৩ ভোটের মধ্যে তখন পর্যন্ত  দুই হাজার ৩০০টি ভোট দেওয়া হয়ে গেছে। অথচ কোনো ভোটারের লাইন দেখা যায়নি। সাংবাদিকেরা এসেছেন দেখে কক্ষের ভেতর থেকে কিছু যুবক ও শিশু বের হয়ে তাড়াহুড়ো করে লাইনে দাঁড়িয়ে যায়।

এ ছাড়া আরও অন্তত ২০টি কেন্দ্রে গিয়ে দেখা গেছে, সেখানে দুপুরের পর থেকে কোনো সাধারণ ভোটার ভোট দিতে আসেননি। নারায়ণপুর স্কুলকেন্দ্রে দুপুর একটার দিকে আওয়ামী লীগের সমর্থকেরা ব্যালট বাক্স পানিতে ফেলে দেন। কারণ জানতে চাইলে আওয়ামী লীগের এক নেতা বলেন, ওই কেন্দ্রে ভোট গণনা হলে বিএনপির প্রার্থী জয়ী হবেন। এটা হলে মন্ত্রী ও প্রার্থীর কাছে তাঁরা লজ্জা পাবেন। তাই ফেলে দিয়েছেন। অনিয়মের কারণে রিটার্নিং কর্মকর্তা ফাল্গুনকরা ও নারায়ণপুর কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছেন।