রাজশাহীতে ১৩৭টি কেন্দ্রের সবগুলোতেই ব্যালট বাক্স পৌঁছে গেছে। শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। এখন অপেক্ষা কেবল ভোটারদের জন্য। আজ শনিবার সেই অপেক্ষারও অবসান হবে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টা থেকে নগরের ল্যাবরেটরি উচ্চবিদ্যালয় মাঠে স্থাপিত নির্বাচনী নিয়ন্ত্রণকেন্দ্র থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের মাঝে ব্যালট বাক্স, ব্যালট পেপার ও ভোটের অন্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩০টি ওয়ার্ডে ১৩৭টি কেন্দ্রের ৮৭১টি বুথের জন্য সমপরিমাণ ব্যালট বাক্স এবং প্রতিটি কেন্দ্রের জন্য অতিরিক্ত আরও একটি করে ব্যালট বাক্স দেওয়া হয় দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তার মাঝে। এ কারণে গতকাল সারা দিন নগরের লক্ষ্মীপুর এলাকা কিছুটা সরগরম ছিল।
গতকাল দুপুর থেকেই নগরের ১৩৭টি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছাতে শুরু করেন। দায়িত্ব বুঝে পাওয়ার পর প্রতিটি কেন্দ্রে অবস্থান নিয়েছেন পুলিশ ও আনসার সদস্যরা।
নগরের বিবি হিন্দু একাডেমি বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে তাঁদের জন্য ব্যবস্থা করা হয়েছে আলাদা কক্ষের। সেখানে অবস্থান করেই তাঁরা আজ ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন।
রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, নগরের ল্যাবরেটরি উচ্চবিদ্যালয় মাঠ থেকে সব কেন্দ্রে ব্যালট বাক্স পাঠানো হয়েছে। এ মাঠ থেকেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। তিনি বলেন, ‘সুষ্ঠু একটি নির্বাচন করার সব প্রস্তুতি আমাদের নেওয়া হয়ে গেছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ২৪ জন এবং সাধারণ কেন্দ্রগুলোতে ২২ জন করে পুলিশ থাকবেন। এর পাশাপাশি নির্বাচনী এলাকায় বিজিবি, র্যাব-ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালত থাকবে।’
মহানগর পুলিশ কমিশনার মনির-উজ-জামান জানান, প্রতিটি ভোটকেন্দ্রে যথাযথ নিরাপত্তা থাকবে। কেন্দ্রের বাইরে পুরো নগরে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। নগরে নয়টি প্রবেশপথে নয়টি তল্লাশিচৌকি বসানো হবে। ৩০টি ওয়ার্ডে ৩০ জন ম্যাজিস্ট্রেট, পুলিশের একটি ও র্যাবের একটি করে ভ্রাম্যামাণ দল থাকবে। প্রতিটি ওয়ার্ডে র্যাব ও পুলিশের একটি করে স্ট্রাইকিং ইউনিট থাকবে। এ ছাড়া র্যাবের ১০টি ও বিজিবির ১০টি টিম মহানগরে ঘুরবে। এর বাইরেও পুলিশের ১০ প্লাটুন রিজার্ভ থাকবে। নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য নগর পুলিশের একটি সেলও গঠন করা হয়েছে। যার দায়িত্বে রয়েছেন একজন উপপুলিশ কমিশনার। ৮১২৩৮৬ নম্বরে ফোন করে নগরবাসী যেকোনো বিশৃঙ্খলার তথ্য প্রদান করতে পারবেন। তথ্য প্রদানকারীর নাম ও পরিচয় গোপন রেখে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।