ভোটারের উপস্থিতি সন্তোষজনক: ম খা আলমগীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, সকালের তুলনায় এখন  ভোটারের উপস্থিতি অনেক বেড়েছে। এই উপস্থিতি সন্তোষজনক।

আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে সঙ্গীদের নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয় পরিদর্শন করতে যান মহীউদ্দীন খান আলমগীর। নির্বাচন কমিশন কার্যালয় পরিদর্শন শেষে  সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘নির্বাচন প্রতিহত করতে বিরোধী দল যে তত্পরতা চালিয়েছিল তা সফল হয়নি। উন্নত দেশের সঙ্গে তুলনা করলে আমাদের এবারের নির্বাচনে ভোটারের উপস্থিতি সন্তোষজনক।’

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশন কার্যালয়ে মহীউদ্দীন খান আলমগীর বলেছিলেন, বিরোধী দল নির্বাচন প্রতিরোধের যে ডাক দিয়েছিল, তা সফল হয়নি। তারা নির্বাচন প্রতিহত করতে সক্ষম হয়নি।

মহীউদ্দীন খান আলমগীর বলেন, সকাল থেকে তাঁরা বিভিন্ন ভোটকেন্দ্রের পরিস্থিতি ‘অবলোকন’ করেছেন। তিনি বলেন, কিছু স্থানে গোলযোগ, সহিংসতা ঘটেছে; তা সত্ত্বেও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচন পরিচালনার সঙ্গে যাঁরা জড়িত তাঁরা এ ধরনের পরিস্থিতিতেও তাঁদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন, তাই তাঁদের ধন্যবাদ জানিয়েছেন সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রী।

কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কেমন—জানতে চাওয়া হলে মহীউদ্দীন খান আলমগীর বলেন, সকাল থেকে শীতের কারণে যেমনটা আশা করা হয়েছিল, তেমনটা  ভোটার উপস্থিতি দেখা যায়নি। তবে রোদ উঠলে, শীত কমলে ভোটারের উপস্থিতি সন্তোষজনক হবে বলে মন্তব্য করেন তিনি।

সহিংসতা বন্ধ করে ভোট নেওয়ার দায়িত্ব পালনে আরও তত্পর হওয়ার জন্য ইসিকে আহ্বান জানিয়েছেন মহীউদ্দীন খান আলমগীর। নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় এ পর্যন্ত যাঁরা মারা গেছেন, তাঁদের মৃত্যুর বিষয়টি দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, যাঁদের কারণে এসব ব্যক্তি মারা গেলেন, তাঁদের আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।