ভোটারের চেয়ে ভোট বেশি, ফলাফল স্থগিত
ভোটার ছিলেন ২৬২ জন, কিন্তু ভোট পড়েছে ২৬৪টি! এটি ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা সরকারি কর্মচারী ক্লাবের অনুষ্ঠিত ত্রিবার্ষিক নির্বাচনের ফলাফলের চিত্র। প্রশ্নবিদ্ধ এ ফলাফল গতকাল মঙ্গলবার বাতিল করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
এ বিষয়ে ইউএনও মোহাম্মদ আবু ইউসুফ বলেন, ভোটারের চেয়েও ভোট গ্রহণ বেশি হয়েছে। তাই অসমর্থনযোগ্য নির্বাচনটি বাতিল করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
গত সোমবার রামগঞ্জ উপজেলা সরকারি কর্মচারী ক্লাবের ত্রিবার্ষিক নির্বাচন হয়। ব্যাপক কারচুপি, জাল ভোট ও ভোটারের চেয়ে ভোট গ্রহণ বেশি হওয়ার বিষয়ে সভাপতি প্রার্থী মো. মমতাজ উদ্দিন ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে তিনি ওই দিন ফলাফল স্থগিত রাখেন।
ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল নয়টা থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে ভোট গ্রহণ শুরু হয়। ক্লাবের মোট ভোটার ছিলেন ২৬২ জন। ১২ জন ভোটার ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। গণনার পর দেখা যায়, ব্যালট বাক্সে ২৬৪টি ভোট।
নাম প্রকাশ না করার শর্তে তিনজন কর্মচারী বলেন, কর্মচারী ক্লাবের সদস্যরা সবাই সচেতন ব্যক্তি। নির্বাচনের এ ফলাফল দেখে তাঁরা অবাক হয়ে গেছেন। এ নির্বাচনেও স্বচ্ছতা ছিল না। মূলকথা দেশের নির্বাচনব্যবস্থা খারাপ পর্যায়ে চলে এসেছে। আর তারই চিত্র এটি।
সভাপতি প্রার্থী মমতাজ উদ্দিন বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুর হোসেনের কয়েকজন ভোটার একাধিক ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ঢুকিয়ে রাখেন। তাঁদের কাছে অতিরিক্ত ব্যালট পেপার ছিল। যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে, তাদের শাস্তি হওয়া উচিত। এ ছাড়া ভোট শুরুর এক ঘণ্টা পর আমার দুজন এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।’
নির্বাচনে কারচুপির অভিযোগের বিষয়ে নুর হোসেন বলেন, ‘আমি ভোটে নির্বাচিত হয়েছি। আমার বিজয় নিশ্চিত জেনে মমতাজের লোকজন বাক্সে বেশি ভোট ঢুকিয়ে রাখেন।’