ভোটারদের মন কি বদলে গেল! রাজধানী ঢাকার পাশের নবাবগঞ্জ উপজেলা নির্বাচন তো সেই ইঙ্গিতই দিচ্ছে।
দশম জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন গত ৪ জানুয়ারি নবাবগঞ্জ বাজারের বয়োজ্যেষ্ঠ ফল বিক্রেতা আবদুল গফুর প্রথম আলোকে বলেছিলেন, ‘না ভাই, ভোট দিতে যাব না। কেন যাব? কোনো দুর্ঘটনা ঘটলে কে বাঁচাবে?’
উপজেলা নির্বাচনের আগের দিন গতকাল মঙ্গলবার দুপুরে প্রথম আলো আবার আবদুল গফুরের মুখোমুখি হলো। ভোটের প্রসঙ্গ তুলতেই বললেন, ‘সব দলের প্রার্থী অংশ নিচ্ছে। ভোট দিতে যেতেই হবে। দরকার হলে দোকান বন্ধ রেখে যাব।’
সংসদ নির্বাচনে নবাবগঞ্জ ও দোহার আসনে (ঢাকা-১) মোট ভোট পড়েছিল ২৭ শতাংশ। কিন্তু এবার প্রচুর ভোটার ভোটকেন্দ্রে যাবেন— এমন আভাসই দিলেন এখানকার লোকজন।
নবাবগঞ্জের টিকরপুর, আগলা, কোমরগঞ্জ, বাগমারা, কামারপুর, দোহারের বাঁশতলা, কার্তিকপুর, শিলাকুঠা, বাংলাবাজার, নয়াবাড়ী, জয়পাড়া এলাকার মানুষ জাতীয় সংসদ নির্বাচন যতটা বর্জন করেছেন, উপজেলা নির্বাচনকে ঠিক ততটাই গ্রহণ করবেন বলে জানিয়েছেন। এর প্রধান কারণ হিসেবে তাঁরা বলেছেন বর্তমান রাজনৈতিক পরিবেশ ও সব দলের প্রার্থীর অংশগ্রহণ।
দোহারের নয়াবাড়ীর ভোটার আবুল কাশেম বলেন, ‘এবার বিচার-বিবেচনা করে ভোট দেওয়ার মতো উৎসাহ পাচ্ছি।’
সুতারপাড়ার মাহমুদা সুলতানা গত নির্বাচনে ভোট দিতে যাননি, সে জন্য তাঁর অনুতাপ নেই। কিন্তু এবার ভোট দিতে না পারলে খারাপ লাগবে বলে জানান।
নবাবগঞ্জ ও দোহারে আজ যে উৎসবমুখর পরিবেশে ভোট হবে, তার ইঙ্গিত বহন করছে চারদিকে ছেয়ে যাওয়া পোস্টার-ব্যানার। ঢাকার কেরানীগঞ্জ ছাড়িয়ে নবাবগঞ্জে ঢুকতেই পড়ে টিকরপুর। সেখানে জোর প্রচারণা চলছে। প্রায় আট কিলোমিটার দূরের নবাবগঞ্জ বাজার, শহীদ মিনার এলাকা, বাগমারায়ও প্রার্থীদের পোস্টার আর পোস্টার। দোহারের সর্বত্র একই চিত্র।
প্রার্থীরা এবং নির্বাচনী কর্মকর্তারাও আজ স্বতঃস্ফূর্ত ভোট হবে বলে আশা প্রকাশ করেছেন। নবাবগঞ্জে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য খোন্দকার আবু আশফাক গতকাল প্রথম আলোকে বলেন, ‘৫ জানুয়ারি কোনো নির্বাচন হয়নি। ভোটার ছাড়া নির্বাচন হয় কী করে? উপজেলা নির্বাচনে সবাই অংশ নিচ্ছে, তাই এটা নির্বাচন।’
আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী দলের ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন আহমেদও মনে করেন, সব দল অংশ নিচ্ছে বলে নির্বাচনে ভোটার উপস্থিতি অনেক বেশি হবে।
দোহারে বিএনপি-সমর্থিত প্রার্থী ও জাসাসের কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন মোল্লা বলেন, সংসদ নির্বাচনে প্রতিযোগিতা ছিল না, এবার প্রতিযোগিতা থাকবে, তাই ভোটাররা অংশ নেবেন।
দোহারের আওয়ামী লীগের প্রার্থী আলী আহসান খোকন শিকদারের মতে, এই নির্বাচনে দল বেশি, প্রার্থী বেশি, তাই স্বতঃস্ফূর্ত হতে বাধ্য।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমানও অনেক বেশি ভোটার অংশ নেবেন বলে আশা প্রকাশ করলেন।
ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিয়ে একমত হলেও দুই উপজেলার চার প্রার্থীই নিজ নিজ প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে টাকা ছড়ানোর এবং ভোটারদের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ করেছেন।
প্রভাবশালীদের সমর্থন: স্থানীয় নিবার্চন হলেও দলীয় নেতা ও প্রভাবশালী ব্যক্তিরা প্রার্থীদের সমর্থন দিয়েছেন। নবাবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে চার প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত নাসিরউদ্দিন আহমেদের পক্ষে গত সোমবার ব্যবসায়ী মো. নূর আলী এলাকায় জনসংযোগ ও পথসভা করেছেন। এই প্রার্থীকে সমর্থন দিয়েছেন সাবেক সাংসদ খন্দকার হারুনুর রশিদ, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান কে এম আবদুল হালিম।
নবাবগঞ্জে বিএনপি-সমর্থিত প্রার্থী খোন্দকার আবু আশফাকের পক্ষে গণসংযোগ করেছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল মান্নান। আবু আশফাক দাবি করেছেন, ঢাকা-১ আসনের জাতীয় পার্টির সাংসদ সালমা ইসলামও তাঁকে সমর্থন দিয়েছেন। তবে এ বিষয়ে সালমা ইসলামের বক্তব্য জানা সম্ভব হয়নি।
নবাবগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা প্রচার সম্পাদক শেখ হান্নান উদ্দিনের পক্ষে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়ার সমর্থন রয়েছে বলে প্রার্থী দাবি করেছেন।
স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির সাবেক নেতা মাসুদ খান মজলিশের পক্ষে আছেন স্বর্ণ ব্যবসায়ী নারায়ণ সাহা।