ভোটারের মনে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে পটুয়াখালীর কলাপাড়া ও রাজবাড়ীর গোয়ালন্দে সাধারণ ভোটাররা উদ্বিগ্ন। এর আগের চার দফা নির্বাচনে ব্যাপক বিশৃঙ্খলা, কেন্দ্র দখল, ভোট কারচুপি ও পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হওয়ায় ভোটারদের এ উদ্বেগ।
আগামীকাল সোমবার এ দুটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত সোম ও মঙ্গলবার কলাপাড়ার বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে ভোট নিয়ে অনেকের মন্তব্য জানা গেছে। নজিবপুর গ্রামের আনোয়ার হোসেন বলেন, ‘দ্যাহেন না ক্যামনে ভোট অইতেছে। আমাগো এ্যাহন ভোট দেতে যাইতেই মোনে কয় না। ভয়ের মধ্যে আছি, ভোট দেতে যাইয়া কোনো বিপদ অয় কি না।’
চাকামইয়া ইউনিয়নের উত্তর চাকামইয়া গ্রামের নুরুল ইসলাম গাজী বলেন, ‘হুনছি ভোট শুরু অইতে না অইতেই পটুয়াখালী সদর, বাউফল আর দুমকী উপজেলার ভোট শ্যাষ অইয়া গ্যাছে। কন এইরহম যদি অয় ভোটের অবস্থা, হেই ভোটের আয়োজন সরকার করে কেন।’
চর বালিয়াতলী গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটার বলেন, ‘এক ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা এখনই বলে বেড়াচ্ছেন ভোটের দিন দেখিয়ে ভোট দিতে হবে। নইলে কেন্দ্রে যাওয়ার দরকার নেই। এইয়া হুইন্যা সিদ্ধান্ত নিছি ভোট দেতেই যামু না।’
বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিভিন্ন স্থানে আমাদের কর্মী-সমর্থকদের হুমকি-ধমকি দেওয়া শুরু হয়েছে। বিশেষ করে আলীপুর বন্দর, কুয়াকাটা পৌরসভা, টিয়াখালী ইউনিয়নের কয়েকটি গ্রামে এবং ধানখালী ইউনিয়নের লোন্দা এলাকায় প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর কর্মীরা মোটরসাইকেলে করে মহড়া দিতে শুরু করেছেন। এতে সাধারণ ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েছেন।’
ভোটের দিন বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের কর্মী-সমর্থকেরা ব্যাপক সহিংসতা সৃষ্টি করতে পারেন বলে উপজেলা বিএনপি আশঙ্কা করছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কোথাও যাতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য আমরা সতর্ক রয়েছি। আশা করি শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে পারব।’

অন্যদিকে রাজবাড়ী সদর উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পরাজয়ের কারণে গোয়ালন্দে নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে রয়েছে নানা গুঞ্জন। দেওয়ানপাড়ার এক নারী ভোটার বলেন, ‘ভাবছি ভোট দিতে যাব না। শুনছি এবার নাকি গন্ডগোল হবে, তাইলে ভোট দিয়ে কী হবে?’
রাজবাড়ী সদরে পরাজয়ের কারণে এ নির্বাচনকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে আওয়ামী লীগ। বিএনপি-সমর্থিত প্রার্থী মোহামঞ্চদ আলী মিয়া বলেন, সরকারি দলের বাধা ও প্রশাসনের চাপে তাঁরা ঠিকমতো গণসংযোগ চালাতে পারছেন না। স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম বলেন, বড় দুই রাজনৈতিক দলের চাপ ও বাধার কারণে কর্মীরা মাঠে কাজ করতে পারছেন না। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী নুরুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচনে আমাদের অবস্থান এমনিতেই বেশ ভালো। তাই কারও প্রচারণায় বাধা দেওয়ার প্রশ্নই আসে না।
সহকারী রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ ঘোষ বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সেনাবাহিনী, বিজিবি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। ভোটারদের শঙ্কিত বা উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।