
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের স্বপ্ন বাস্তবায়ন বাধার মুখে পড়লে তা বাস্তবায়নে সরকার সহায়ক ভূমিকা পালন করবে। তাঁর কাজগুলো ব্যক্তিগত হলেও কর্মসূচিগুলো সিটি করপোরেশনের। আমরা আশা করি, সিটি করপোরেশন সেই কাজগুলো শেষ করবে।’
আজ সোমবার সচিবালয়ে নিজের দপ্তরে প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
২০১৫ সালের ২৮ এপ্রিল ডিএনসিসি নির্বাচন হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী আনিসুল হক বিজয়ী হন। এর মাত্র আড়াই বছরের মাথায় গত ৩০ নভেম্বর আনিসুল হক লন্ডনের একটি হাসপাতালে মারা যান। গত শনিবার বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন তিনি।
খন্দকার মোশাররফ বলেন, ‘আনিসুল হক জনপ্রিয়, জনদরদি, উদ্যমী মানুষ ছিলেন। ইতিহাসে এ ধরনের মানুষ আমরা পাইনি। তার উদ্যোগেই ঢাকা উত্তর সিটি করপোরেশন আধুনিক রূপ নিয়েছে।’
ডিএনসিসির মেয়র পদ শূন্য ঘোষণা করা হয়েছে। ফলে আইন অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশন এ আয়োজন করবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ভোটাররা নতুন মেয়র নির্বাচনের সময় সতর্ক হলে ভালো মানুষ, যোগ্য মানুষ মেয়র হবেন। উনি যে কাজ শুরু করে গেছেন, তা থেকে বের হয়ে আসাটা কষ্টকর হবে। নতুন যে–ই আসুক, তাঁকে পূর্বসূরির কাজের সঙ্গে তাল মেলাতে হবে। সরকারের প্রত্যাশা হচ্ছে, তার মতো একজন ভালো মেয়র আমরা পাব।’