কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মোট ১১ জন প্রচারণা চালান। এতে দলীয় নেতা-কর্মীরা বিভ্রান্তিতে পড়েন। পরে তৃণমূলের ভোটের মাধ্যমে একজনকে আওয়ামী লীগ সমর্থন দেয়। কিন্তু দলটির নেতা অপর ১০ প্রার্থী তৃণমূলের ভোট বর্জন করেন।
আওয়ামী লীগের সমর্থন চাওয়া প্রার্থীরা হলেন: জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রশীদ, প্রচার সম্পাদক আনোয়ার কামাল, কোষাধ্যক্ষ আবদুল খালেক সুলতান, সদস্য মফিজ উদ্দিন, আওলাদ হোসেন ও মো. আসাদুল্লাহ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ আশফাকুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সুলতান আহম্মদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম।
দলীয় সূত্র জানায়, ওই ১১ প্রার্থীর কেউ ছাড় দিতে রাজি নন। এ অবস্থায় গত সোমবার জেলা আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে দেখা করেন। সৈয়দ আশরাফ দলীয় প্রার্থী নির্বাচনে আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য জিল্লুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে দেন। পরে কমিটি তৃণমূলের ভোটে প্রার্থী সমর্থনের সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল বুধবার কোমারগঞ্জ প্রেসক্লাবের সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে ভোট হয়। তবে তৃণমূলের ভোট গঠনতন্ত্র অনুযায়ী হচ্ছে না অভিযোগ তুলে আনোয়ার কামাল ভোট বর্জন করেন। পরে চেয়ারম্যান পদে আরও নয়জন প্রার্থী ভোটে অংশ নেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফের ভাই সৈয়দ আশফাকুল ইসলাম দলীয় প্রার্থী নির্বাচিত হন।
এ ছাড়া ভোটে ভাইস চেয়ারম্যান পদে যুবলীগের নেতা মামুন আল মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিলকিস বেগম নির্বাচিত হন।
ওই ১০ চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁদের অনেকের ফোন বন্ধ পাওয়া যায়। কয়েকজন ফোন ধরেননি। তবে আনোয়ার কামাল প্রথম আলোকে বলেন, ‘দলীয় গঠনতন্ত্র মোতাবেক তৃণমূলের ভোট হয়নি। তাই আমিসহ কয়েকজন প্রার্থী তৃণমূলের ভোট বর্জন করেছি। দলের গঠনতন্ত্রের ৪৬(জ) ধারায় বলা হয়েছে, ঊর্ধ্বতন কমিটি কর্তৃক অনুমোদিত কমিটির সভাপতি সম্পাদক কাউন্সিলর হয়ে ভোট দেবেন। এ ক্ষেত্রে কোনো কমিটির অনুমোদন ঊর্ধ্বতন কমিটি কর্তৃক হয়নি। তাই এ নির্বাচন গঠনতন্ত্রের পরিপন্থী। দলীয় প্রার্থী হিসেবে অবশ্যই চেয়ারম্যান পদে নির্বাচন করব।’
এ ব্যাপারে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ সাদী জানান, দলীয় প্রধানের পত্র মোতাবেক কাউন্সিলরদের ভোটে প্রার্থী নির্বাচিত হয়েছেন। পত্রে বলা হয়েছে, ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা ও পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকেরা কাউন্সিলর হিসেবে ভোট দেবেন। কেন্দ্রীয় সভাপতি ও নেত্রীর এই নির্দেশের পর আর কোনো কিছুর প্রয়োজন নেই।