ভোটে আগ্রহ নেই বঞ্চিত বেড়াবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন পরই দেশের বিভিন্ন স্থানে পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। তবে সাঁথিয়া পৌরসভার নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে কোনো আগ্রহ-উচ্ছ্বাস নেই। প্রায় ১৩ বছর আগে প্রতিষ্ঠিত হলেও এ পৌরসভার উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। এমনকি পৌরসভার নিজস্ব কোনো কার্যালয় পর্যন্ত নেই। নাগরিকেরাও পৌরসভার নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। প্রায় সব সরকারের আমলেই সাঁথিয়া পৌরবাসী মন্ত্রী পেয়েছে। এর পরও উন্নয়নবঞ্চিত থাকায় এখানকার বাসিন্দাদের ক্ষোভের শেষ নেই।পৌরসভা কার্যালয়ের সামনের চায়ের দোকানে বসে এ প্রসঙ্গে ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাজেদ আলী বলেন, ‘মন্ত্রী-মেয়র কতজনকেই তো দেখল্যাম, কাউকে দিয়্যাই এলাকার উন্নয়ন পাল্যাম না। এ জন্য ভোট নিয়্যা সেরম আগ্রহ আমাগরে নাই।’৫ নম্বর ওয়ার্ডের (সাঁথিয়া বাজার) বাসিন্দা আবদুস সামাদ (৫৫) বলেন, ‘যে পৌরসভার নিজেরই ঘর-লোকবল নাই, সে পৌরসভা পৌরবাসীগরে কী সেবা দিবি? আমরা প্রার্থীগরে কাছে এলাকার উন্নয়নের পাশাপাশি পৌর ভবন নির্মাণেরও নিশ্চয়তা চাই।’পৌর নির্বাচন এগিয়ে এলেও পৌর এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না নির্বাচনী উত্তাপ। নাগরিকসুবিধার বঞ্চনা থেকেই ভোটারদের মধ্যে দেখা দিয়েছে নির্বাচনের প্রতি একধরনের অনাগ্রহ।পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের অক্টোবর মাসে সাঁথিয়া পৌরসভা গঠন করা হয়। ১৯৯৯ সালের ২৬ ফেব্রুয়ারি প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এখনো সাঁথিয়া তৃতীয় শ্রেণীর পৌরসভা। ৭৫ জন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা থাকলেও আছেন মাত্র ২৩ জন। পৌরসভার নিজস্ব ভবন না থাকায় ইউনিয়ন পরিষদের অপরিসর টিনের ঘরে কর্মকর্তা-কর্মচারীদের গাদাগাদি করে কাজ করতে হয়।এলাকাবাসী জানান, পৌর এলাকায় যেসব রাস্তা ও সড়ক রয়েছে, সেগুলোর বেশির ভাগই যানবাহন চলাচলের অনুপযোগী। এ ছাড়া জলাবদ্ধতা, বিশুদ্ধ খাবার পানির অভাব, দুর্বল স্যানিটেশন-ব্যবস্থা, পয়োনিষ্কাশনের অভাবসহ নানা ধরনের সমস্যা আছে। ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও একটি বেসরকারি কলেজের শিক্ষক শাহাদৎ হোসেন বলেন, ‘পৌরসভার সমস্যার কথা বলে শেষ করা যাবে না। তবে এর মধ্যে রাস্তা-ঘাট ও যানজটের সমস্যায় আমরা একেবারে নাকাল হয়ে গেছি। এবারের নির্বাচনে যে প্রার্থী এই সমস্যার সমাধানে প্রতিশ্রুতি দেবেন, বেশির ভাগ ভোটারই সেই প্রার্থীর দিকে ঝুঁকবেন।’পৌরবাসীরা জানান, সাঁথিয়া পৌরসভা সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা অধ্যাপক আবু সাইয়িদ, জামায়াতের আমির ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী এবং বর্তমান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হকের নির্বাচনী এলাকা। এলাকাবাসীর অভিযোগ, সাংসদ নির্বাচিত হওয়ার আগে-পরে তাঁরা পৌরসভার উন্নয়নের ব্যাপারে নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তাঁরা সেসব প্রতিশ্রুতি পূরণ করেননি।এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, এবারের নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বর্তমান মেয়র মিরাজুল ইসলাম (আ.লীগ মনোনীত), পৌরসভার সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক মাস্টার, বিএনপি-সমর্থিত পৌর বিএনপির সভাপতি সিদ্দিকুল ইসলাম এবং পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।