ভোটে আগ্রহ বাড়িয়েছে দলীয় প্রতীক
সাঁথিয়া পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালে। তৃতীয় শ্রেণির পৌরসভা হিসেবে যাত্রা শুরু করে এটি এখন প্রথম শ্রেণির। প্রথম শ্রেণির পৌরসভা হলেও এখানে নাগরিক সুবিধা তৃতীয় শ্রেণির চেয়েও খারাপ বলে মনে করেন পৌরবাসী। তাই বঞ্চিত পৌরবাসীর গত কয়েকটি পৌর নির্বাচনে তেমন আগ্রহ ছিল না।
এবার পরিস্থিতি পুরোপুরি উল্টো। বঞ্চনার কথা ভুলে গিয়ে পৌরবাসী নির্বাচনী আবেগে মেতে উঠেছেন। এমন আবেগ সৃষ্টির পেছনে কারণ একটাই। আর তা হলো দলীয় প্রতীকে এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে।
সাঁথিয়া পৌরসভা কার্যালয়ের সামনে যে চায়ের দোকান রয়েছে, তার মালিক জাহাঙ্গীর হোসেন। তাঁর দোকানের সবগুলো বেঞ্চ খদ্দেরে ঠাসা। দোকানে বসা খদ্দেররা ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতে নির্বাচনী তর্কে মশগুল।
চা বানানোর এক ফাঁকে জাহাঙ্গীর হোসেন বলেন, ‘নির্বাচনের এখনো ১৪ দিন বাকি, অথচ এরই মধ্যে নির্বাচন ব্যাপক জমে উঠেছে। সবার মুখে নৌকা আর ধানের শীষের কথা। এ দুই মার্কা না থাকলে হয়তো নির্বাচন এতটা জমজমাট হতো না।’
চা পান করতে করতে শালঘর মহল্লার আব্দুর রশীদ, নয়ানি মহল্লার সবুজ প্রামাণিকসহ ৮ থেকে ১০ জন জানান, প্রত্যাশিত পৌর নাগরিক সুবিধা নিয়ে ছোট-বড় সবারই ক্ষোভ ও আক্ষেপ আছে। কিন্তু এরই মধ্যে নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ ও কৌতূহল সৃষ্টি হয়েছে।
পৌর এলাকার ছেঁচানিয়া বাজারে গিয়ে দেখা যায়, দড়িতে টানানো পোস্টারে ছেয়ে গেছে বাজারের রাস্তা। এর পরেও ফাঁকা জায়গা বের করে চলছে পোস্টার ঝোলানোর কাজ। গোল হয়ে পোস্টার ঝোলানো দেখছিলেন ১০-১২ জন লোক। তাঁদের কাছে গিয়ে উন্নয়ন ও দলীয় প্রতীক বিষয়ে কথা তুলতেই শুরু হয় তর্কের ঝড়।
ছেঁচানিয়া মহল্লার আজমত আলী (ধানের শীষের সমর্থক) বলেন, ‘আমাগরে গিরামে উন্নয়ন বলতি গেলি কিছুই হয় নাই। তাই ধানের শীষ বইল্যা চারিদিকে আওয়াজ উঠিছে। তা ছাড়া এই গিরামের থ্যা ধানের শীষ না জিতলি তা মান-সম্মানের ব্যাপার হয়া দাঁড়াবি।’
তাঁর কথার প্রতিবাদ জানিয়ে তেঘরী গ্রামের আব্দুর রহিম (নৌকার সমর্থক) বলেন, ‘বর্তমান মেয়র এলাকায় প্রচুর উন্নয়ন করেছেন। তাই এবারও নৌকা মার্কা প্রতীকে তিনিই জিতবেন।’
খোঁজ নিয়ে জানা যায়, এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন। তাঁরা হলেন, বর্তমান মেয়র ও আওয়ামী লীগের মনোনীত মিরাজুল ইসলাম (নৌকা), বিএনপির মনোনীত সিরাজুল ইসলাম (ধানের শীষ), জামায়াতের মনোনীত স্বতন্ত্র প্রার্থী বকুল হোসেন (মোবাইল ফোন) এবং অন্যান্য স্বতন্ত্র প্রার্থী আশিক ইকবাল (খেজুরগাছ), নফিজউদ্দিন (জগ) ও সাইফুল ইসলাম (বাস)।
সিরাজুল ইসলাম বলেন, ‘ধানের শীষ প্রতীক নিয়ে সাঁথিয়ায় সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে। এরপর জামায়াতের সঙ্গে জোট হওয়ায় এ উপজেলায় সংসদ নির্বাচনেও ধানের শীষ প্রতীক ছিল না। কাজেই এত দিন পর ধানের শীষ প্রতীক পেয়ে পৌরবাসীর মধ্যে ব্যাপক আবেগ ও ভালোবাসার সৃষ্টি হয়েছে। আর গত কয়েক বছরে পৌরসভায় উন্নয়নমূলক কাজ কিছুই হয়নি। তাই উন্নয়নের জন্য আশা করি পৌরবাসী আমাকেই বেছে নেবেন।’
বর্তমান মেয়র মিরাজুল ইসলাম বলেন, ‘আমি পর পর দুবার মেয়র নির্বাচিত হয়ে এলাকায় যথেষ্ট উন্নয়নমূলক কাজ করেছি। তার ভিত্তিতে ভোটাররা নিশ্চয়ই আবারও আমাকে নির্বাচিত করবেন। আর নৌকার মতো মর্যাদাপূর্ণ প্রতীকে নির্বাচন করায় আলাদা আনন্দ আছে। ভোটারদেরও বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে।’