ভোটে প্রভাব থাকবে মান্নান ভূঁইয়া পরিষদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুরে ভোটের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করবে আবদুল মান্নান ভূঁইয়া পরিষদ। এই পরিষদের নেতা-কর্মীরা যে প্রার্থীর পক্ষে যাবেন, নির্বাচনী লড়াইয়ে সেই প্রার্থী সুবিধায় থাকবেন বলে স্থানীয় ভোটারদের মত।

শিবপুর উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা নিয়ে নরসিংদী-৩ আসন। আসনটিতে মোট ভোটার ২ লাখ ২৪ হাজার ৫৩২ জন।

লক্ষাধিক ভোটারের এই আসনে ব্যাপক জনপ্রিয় ছিলেন বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত আবদুল মান্নান ভূঁইয়া। মৃত্যুর আট বছর পরও তাঁর প্রভাব ধরে রেখেছেন প্রয়াত এই নেতার অনুসারীরা।

স্থানীয় ভোটার ও রাজনৈতিক নেতারা বলছেন, আসনটি একসময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। এই আসনে চারবার সাংসদ হয়েছিলেন আবদুল মান্নান ভূঁইয়া। বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর ২০০৮ সালে হাঁস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন তিনি। সেই নির্বাচনে বিএনপির প্রার্থী হয়েছিলেন তৃতীয়। মান্নান ভূঁইয়া পেয়েছিলেন প্রায় ৬৬ হাজার ভোট।

ভোটারদের মতে, মান্নান ভূঁইয়ার ব্যক্তিগত অনুসারীদের কারণে সেই নির্বাচনে সুবিধা করতে পারেনি বিএনপি। মান্নান ভূঁইয়ার মৃত্যুর পর আবদুল মান্নান ভূঁইয়া পরিষদ গঠন করা হয়। ২০১৪ সালের সংসদ নির্বাচনে পরিষদের অধিকাংশ নেতা-কর্মী নৌকার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লার পক্ষে ছিলেন। ওই নির্বাচনে সিরাজুল ইসলাম মোল্লাও হাঁস প্রতীকে নির্বাচন করেছিলেন। স্থানীয় লোকজনের মতে, আসনটির বর্তমান সাংসদ সিরাজুল ইসলাম মোল্লার বিজয়ে প্রত্যক্ষ ভূমিকা ছিল মান্নান ভূঁইয়ার অনুসারীদের। এবারও সিরাজুল ইসলাম মোল্লা আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এবার তাঁর প্রতীক বদলে হয়েছে সিংহ। বর্তমান সাংসদের পাশাপাশি আসনটিতে নির্বাচনী লড়াইয়ে আছেন আওয়ামী লীগের জহিরুল হক ভূঞা, বিএনপির মনজুর এলাহীসহ আটজন। প্রার্থীদের সবাই মান্নান ভূঁইয়ার অনুসারীদের পক্ষে টানতে কাজ করছেন।

স্থানীয় লোকজন বলছেন, এই পরিষদ আর আগের মতো ঐক্যবদ্ধ নেই। তারপরও বড় একটি অংশ পরিষদের সঙ্গে যুক্ত আছে। এই অংশ যেদিকে যাবে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা তাঁর জন্য সহজ হবে।

এবারের নির্বাচনে করণীয় ঠিক করতে গত শুক্রবার বিকেলে শিবপুরের সরকারি শহীদ আসাদ কলেজের মাঠে বৈঠকে বসেছিলেন পরিষদের নেতা-কর্মীরা। তবে বৈঠক থেকে এখনো কাউকে স্পষ্ট করে সমর্থনের কথা জানানো হয়নি। পাশাপাশি বৈঠকে উপস্থিত নেতা-কর্মীরা বিএনপি থেকে মান্নান ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার না করায় ক্ষোভ প্রকাশ করেন।

বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে পরিষদের সদস্যসচিব ও শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা বলেন, এখনই নির্দিষ্ট করে কাউকে সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মানুষ ভোট দিতে পারবে কি না, ভোটের পরিবেশ কেমন হবে তা পর্যবেক্ষণ করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

বৈঠকে পরিষদের আহ্বায়ক মোফাজ্জল হোসেন খান, চক্রদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজীর আহমেদ খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবদুল রশিদ মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।