ভোটে প্রভাব ফেলতে পারে জলাবদ্ধতার সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে পাহাড়-টিলা থেকে নেমে আসা নয়টি প্রাকৃতিক ছড়ার (ঝরনার নালা) মিলেছে সুরমা নদীতে। ‘ন্যাচারাল ড্রেনেজ’ নামে পরিচিত পাহাড়-টিলার এসব ছড়ার দশা খুবই করুণ। দখল-দূষণ আর খননের অভাবে ছড়াগুলো অনেকটাই অস্তিত্ব্বহীন। পানি প্রবাহিত না হওয়ায় সামান্য বৃষ্টিতেই নগরজুড়ে সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা। পানি ওঠে রাস্তা ও ছড়াতীরবর্তী বাসাবাড়িতে। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে জলাবদ্ধতার বাস্তবতায় প্রার্থী থেকে শুরু করে ভোটারদের কথার মধ্যে কড়া নাড়ছে ছড়া।ভোটারদের সঙ্গে আলাপে জানা গেছে, এবার বৃষ্টির সময় নির্বাচন হচ্ছে। তাই জলাবদ্ধতার সমস্যা মাথায় রেখে তাঁরা ভোট দেবেন। সেনপাড়া এলাকার বাসিন্দা তন্ময় দাস বলেন, ‘ছড়া সচল থাকলে জলাবদ্ধতা থাকত না। ছড়া বন্ধ থাকায় জলাবদ্ধতা প্রধান সমস্যা। অবস্থা এমন যে নির্বাচনেও প্রভাব ফেলবে।’ ভোটারদের এ ভাবনা উপলব্ধি করে প্রতিদ্বন্দ্বী দুই মেয়র পদপ্রার্থী আওয়ামী লীগের বদরউদ্দিন আহমদ কামরান ও বিএনপির আরিফুল হক চৌধুরীর কথায়ও ছড়া উঠে আসছে। দুজনই অভিন্ন সুরে বলছেন, জয়ী হয়ে তাঁদের প্রধান কাজই হবে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করা। নগরের বিভিন্ন এলাকা দিয়ে প্রবাহিত ছড়াগুলো হচ্ছে মালনীছড়া, গোয়ালিছড়া, যুগনিছড়া, মঙ্গলিছড়া, ধোপাছড়া, কালীবাড়ি ছড়া, গাভিয়াল খাল ও হলদিছড়া। এর মধ্যে হলদিছড়া অবৈধ দখলের কারণে সুরমা নদীর সঙ্গে সংযোগ পর্যন্ত হারিয়েছে। সরেজমিনে দেখা গেছে, খননের অভাবে ছড়াগুলোতে মাটির স্তূপ জমে রয়েছে। কোনো কোনো ছড়ার দুই পাশে চার থেকে পাঁচ ফুট মাটির স্তর জমেছে। সব কটি ছড়ায় ময়লা-আবর্জনা ও পলিথিন জমে পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। কোথাও মাটির সঙ্গে কংক্রিট ও পাথর ফেলে রাখা হয়েছে। সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ২০০১ সালে জেলা পরিষদ ছড়ার খননকাজ করেছিল। ২০০৯ সালে ছড়া সংস্কারে বৃহৎ একটি প্রকল্প হাতে নিয়েছিল সিলেট সিটি করপোরেশন। এ প্রকল্পের কাজ বাস্তবায়নের শেষে নগরের জলাবদ্ধতা অনেকটাই কমে গেছে। তবে আরও কিছু ছড়া খননের প্রয়োজন রয়েছে।জলাবদ্ধতা সমস্যায় প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থীর কথায়ও আছে ছড়া প্রসঙ্গ। আরিফুল হক চৌধুরী বলেন, ২০০১ সালে প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের নির্দেশে ছড়াগুলো খনন করা হয়েছিল। এর ফলে নগরে জলাবদ্ধতা ছিল না বললেই চলে। কিন্তু বর্তমান সরকারের আমলে সিটি করপোরেশন জলবদ্ধতা নিরসনে একটি প্রকল্প গ্রহণ করলেও তা সঠিকভাবে বাস্তবায়িত না হওয়ায় সামান্য বৃষ্টিতেই নগরবাসী জলাবদ্ধতায় পড়ছেন। বদরউদ্দিন আহমদ কামরান বলেন, জলাবদ্ধতা নিরসনে অতীতে কেউ এ ধরনের উদ্যোগ নেননি। এই প্রকল্পের বাস্তবায়ন হওয়ার ফলে নগরবাসী জলাবদ্ধতা থেকে অনেকটাই মুক্তি পেয়েছে। এ ছাড়া জলাবদ্ধতা নিরসনে আরও কয়েকটি প্রকল্প আমি পরিকল্পনাধীন অবস্থায় রেখে এসেছি।’