ভোটে হেরে চা পান বিড়ির টাকা ফেরত নিতে মরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোট দেবেন বলে প্রার্থীর কাছ থেকে চার প্যাকেট বিড়ি নেন জন্দু মিয়া (৬৫)। কিন্তু প্রার্থী হেনা বেগম জয়ী হতে পারেননি। হেনার বিশ্বাস, জন্দুর মতো চা, পান, বিড়ি ও নগদ টাকা গ্রহণকারীরা ভোট দিলে তিনি পার পেয়ে যেতেন। ক্ষুব্ধ হয়ে তিনি গত শুক্রবার বিকেলে প্রকাশ্যে জন্দু মিয়ার কাছ থেকে বিড়ির টাকা আদায় করে ছাড়েন।অন্যদের তালিকা করে হন্যে হয়ে খুঁজছেন হেনা বেগম। এ কারণে ভোটারদের মধ্যে হেনা-ভীতি পেয়ে বসেছে। ভোটে হেরে ভোটারদের নাস্তানাবুদ বানানোর ঘটনাটি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সুতি ইউনিয়নে। গত বুধবার ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী আসনে (৪, ৫ ও ৬) সদস্য পদে উপনির্বাচন হয়। ওই পদে আসমা আক্তারের কাছে হেনা ২১ ভোটে হেরে যান। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, জয় নিশ্চিত করতে হেনা আচরণবিধি আমলে না নিয়ে ভোটারদের নানাভাবে প্রলুব্ধ করার চেষ্টা করেন। কিন্তু এতেও কাজ হয়নি। আর তাই তিনি ও তাঁর সমর্থকেরা ফোনে ও প্রকাশ্যে নানাভাবে ভোটারদের নাজেহাল করছেন। শুক্রবার বড় ছয়সুতির কাওসার মিয়ার চায়ের দোকানে জন্দু মিয়াকে পেয়ে তাঁর কাছ থেকে ২০ টাকা আদায় করার পর এনিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। টাকা ফেরত দিয়ে জন্দু মিয়া বলেন, ‘বিড়ি খাইছি, ভোটও দিছি।’ ছয়সুতির ভোটার তাহের মিয়া (৪৫) বলেন, ‘একদিন চা খাইছিলাম। ভয়ে আছি। না জানি আমার চা ফেরত চায়।’হেনা বেগম বলেন, ‘টেহা খাইছে আমার, কাজ করছে অন্যজনের।’ হেনার ছেলে আলমগীর মিয়া বলেন, ‘লিস্ট কইরা বাইর হইছি। যাইব কই?’