নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে হেরে তোলপাড় চলছে স্থানীয় বিএনপিতে। ঘটছে নেতাদের পদত্যাগ ও বহিষ্কার এবং কমিটি বিলুপ্তির মতো ঘটনা। চলছে পাল্টাপাল্টি দোষারোপ।
সৈয়দপুর প্রশাসনিক উপজেলা হলেও বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ জনপদ হিসেবে সৈয়দপুর বিএনপিকে রাজনৈতিক জেলার মর্যাদা দিয়েছিলেন। সেই রাজনৈতিক জেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি আইনজীবী এস এম ওবায়দুর রহমান ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান। সৈয়দপুর বিএনপির একটি বড় অংশ তাঁকেই আবার চেয়ারম্যান পদে সমর্থন দেওয়ার পক্ষে ছিল। কিন্তু ১৯ ফেব্রুয়ারির উপজেলা নির্বাচনে সৈয়দপুর বিএনপির সভাপতি অধ্যক্ষ আবদুল গফুর সরকারকে দল-সমর্থিত প্রার্থী করা হয়। এ নিয়ে দলে বিভক্তির সৃষ্টি হয়।
সৈয়দপুর পৌর বিএনপির বহিষ্কৃত সভাপতি আশরাফুল হক বলেন, ‘দল ও দলের বাইরে ওবায়দুর রহমানের গ্রহণযোগ্যতা রয়েছে। আর উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় তাঁর বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতার কোনো অভিযোগও ওঠেনি। ফলে আমরা আশা করছিলাম তাঁকেই সমর্থন দেবে দল।’
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা জানান, প্রকৃতপক্ষে সৈয়দপুর বিএনপিতে স্বৈরাচার ভর করেছে। কারও স্বৈরাচারী আচরণেই বিএনপির ঘাঁটি বলে খ্যাত সৈয়দপুরে এখন বিএনপির খুবই নাজুক অবস্থা।
এমন কথা স্বীকার করেছেন সৈয়দপুর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন আখতার। তিনি বলেন, ‘আসলেই টানাপোড়েন চলছে সৈয়দপুর বিএনপিতে।’
এদিকে নির্বাচনে আবদুল গফুর সরকার আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জাওয়াদুল হক সরকারের কাছে পরাজিত হওয়ায় এর দায় মাথায় তুলে নেন সৈয়দপুর পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন সরকার। নির্বাচনের পরদিন ২০ ফেব্রুয়ারি সংবাদ সমেঞ্চলন করে তিনি সৈয়দপুর বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগের কথা গণমাধ্যমকে জানান। ওই দিনই দলের দপ্তর সম্পাদকের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ না করার অভিযোগে ২২ ফেব্রুয়ারি পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আখতার হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়। একইভাবে ৭ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি কায়সার আলীকে বহিষ্কার করা হলেও পরে তা স্থগিত করা হয়। সর্বশেষ গত শনিবার সৈয়দপুর ‘জেলা’ বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়।
এদিকে বহিষ্কার হওয়া নেতারা উর্দুভাষী হওয়ায় এ নিয়ে সৈয়দপুরের অবাঙালি সমাজে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সৈয়দপুরে প্রায় ৪০ হাজার অবাঙালি ভোটার রয়েছেন। তাঁরা বরাবরই বিএনপির সমর্থক। কিন্তু উপজেলা নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী তাঁদের অনেকের ভোটই পাননি। এর পেছনে বহিষ্কার হওয়া নেতাদের হাত রয়েছে বলে ইতিমধ্যে বক্তব্য ও বিবৃতি দিয়েছেন পদত্যাগ করা আমজাদ হোসেনসহ বেশ কয়েকজন নেতা।
বিলুপ্ত কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি এস এম ওবায়দুর রহমান জানান, সংবিধান অনুযায়ী দলনিরপেক্ষভাবেই উপজেলা নির্বাচন হয়ে থাকে। স্থানীয় সরকারের এ নির্বাচনে বিএনপি অংশ নিয়ে দলীয়-সমর্থিত প্রার্থী দিয়েছে। অনুরূপ আওয়ামী লীগও তাদের দলীয়-সমর্থিত প্রার্থী দিয়েছে। এটাকে কোনোভাবেই দলীয় নির্বাচন বলা যাবে না। সে ক্ষেত্রে প্রার্থীর পক্ষে-বিপক্ষে কাজ করা দলীয় শৃঙ্খলা ভঙ্গের সঙ্গে কতটা যায় তা নিয়ে ভাবার অবকাশ রয়েছে।
একই কমিটির সভাপতি আবদুল গফুর সরকার বলেন, ‘দলের সিদ্ধান্তেই দুজনকে বহিষ্কার করা হয়েছে। আমরা দলকে শক্তিশালী করতে নতুন উদ্যমে কাজ করতে চাই। তাই জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। আহ্বায়ক কমিটি গঠনে কেন্দ্রের অনুমোদন চাওয়া হয়েছে। এ-সংক্রান্ত একটি চিঠি গত সোমবার কেন্দ্রে পাঠানো হয়েছে।’