ভোটের অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, পৌরসভা নির্বাচনে কোনো বিশৃঙ্খলা হলে গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা কমে যেতে পারে। এটা কখনোই জাতির জন্য শুভবার্তা বয়ে আনবে না। নাগরিকদের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের।
রংপুর শহরে আরডিআরএস কার্যালয়ের বেগম রোকেয়া মিলনায়তনে গতকাল রোববার সকালে এক কর্মশালায় সভাপতির বক্তব্যে মিজানুর রহমান এসব কথা বলেন। বিভাগীয় পর্যায়ে মানবাধিকার কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশন ও পার্টিসিপেটরি অ্যাডভান্সমেন্ট সোশ্যাল সার্ভিস (পাস) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।
মিজানুর রহমান আশা প্রকাশ করে বলেন, নির্বাচন পরিচালনার জন্য কমিশন যাঁদের ওপর যে ধরনের দায়িত্ব দিয়েছে, তাঁরা তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করে গণতন্ত্র ও মানবাধিকারের অগ্রযাত্রা অব্যাহত রাখবেন।
দেশে সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ড ও জঙ্গি তৎপরতা প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, ‘আমেরিকার যখন প্রয়োজন তখন তারা আইএস ও জেএমবির মতো জঙ্গি গোষ্ঠী বানিয়ে বিশ্বে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। খোদ তাদের দেশেই মৃত্যুদণ্ড বহাল থাকলেও তারা আমাদের দেশের মৃত্যুদণ্ড নিয়ে কথা বলছে। আমাদের দেশে যখন দুজন যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করা হলো, তখন তারা তার বিরোধিতা করে মাঠে নামল।’ তিনি যুক্তরাষ্ট্রের এই মানসিকতার বিরুদ্ধে সোচ্চার হতে জনগণের প্রতি আহ্বান জানান।
কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন নবী, জাতীয় মানবাধিকার কমিশনের সচিব আমজাদ হোসেন খান, রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, রংপুরের অতিরিক্ত জেলা হাকিম প্রিয়সিন্ধু তালুকদার প্রমুখ।