ভোটের অধিকার নিশ্চিত করে দ্রুত নির্বাচন দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব ভোটারের ভোটের অধিকার নিশ্চিত করে দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচন করার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। ঢাকা ফোরাম নামে একটি নাগরিক সংগঠন আয়োজিত গোলটেবিল বৈঠকে তাঁরা এ দাবি তোলেন।

আজ শনিবার সকালে রাজধানীতে ইংরেজি দৈনিক ডেইলি স্টার ভবনে ‘সংকটকালে বাংলাদেশ (বাংলাদেশ অ্যাট আ ক্রসরোড)’ শীর্ষক এ গোলটেবিল বৈঠক হয়।

বিশিষ্টজনেরা বলেন, ভোটার ভোট দিতে পাঁচ বছর অপেক্ষা করেন। কিন্তু এবার বেশির ভাগ ভোটারই তাঁদের সেই অধিকার হারিয়েছেন। ক্ষমতাসীনেরা বলছেন সংবিধান রক্ষায় ৫ জানুয়ারি নির্বাচন হয়েছে। কিন্তু ভোটারবিহীন এ নির্বাচন অনুষ্ঠানের পর এখন প্রশ্ন উঠেছে, এই সংবিধান কি মানুষের জন্য, নাকি সংবিধানের জন্য মানুষ?
বৈঠকটি সঞ্চালনা করেন ঢাকা ফোরামের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ।

বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক রাষ্ট্রদূত ও ঢাকা ফোরামের সদস্য সিরাজুল ইসলাম। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে যে গণতান্ত্রিক সংকট চলছে, তা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে দ্রুত আরেকটি নতুন নির্বাচনের আয়োজন করা। যত দ্রুত এটি করা যাবে, বাংলাদেশের জন্য ততই মঙ্গল। তিনি বলেন, ‘আমরা ইরাক না, আফগানিস্তান না, পাকিস্তান না—এটা আমাদের জন্য বড় আশীর্বাদ। কিন্তু রাজনৈতিক সমস্যার সমাধান না হলে বাংলাদেশও এসব দেশের পর্যায়ে পৌঁছে যাবে বলে আমার আশঙ্কা। এভাবে দেশ চলতে পারে না।’


সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, ‘জনগণের কম ভোটে আসা ক্ষমতাসীন দল একটা বার্তা দিচ্ছে যে আমাকে টেনে নামাতে না পারলে আমি চলব। আগে বলা হয়েছিল, নির্বাচনের পর সংলাপ হবে। এখন বলা হচ্ছে, এ সরকার পাঁচ বছরই থাকবে। রাজনৈতিক এই বার্তাই একধরনের সংকট তৈরি করছে। আমার মনে হয় দেশে সংলাপজনিত খেলা চলছে। নির্বাচনের আগেও হয়েছে, এখনো হচ্ছে।’

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল হোসেন বলেন, ‘বলা হয়েছে, সংবিধান রক্ষার নির্বাচন। সেটি করতে গিয়ে আসলে ভোটারবিহীন নির্বাচন করা হয়েছে। আমাদের বোকা মনে করা হচ্ছে। এই ভোটারবিহীন নির্বাচন করার জন্যই সংবিধানের ১৫তম সংশোধনী আনা হয়েছে।’ নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের বিষয়টিকে তামাশা বলে মন্তব্য করেন তিনি।

এ দেশের রাজনীতি টাকা কামানোর পথ হয়ে গেছে মন্তব্য করে মইনুল হোসেন বলেন, ‘দেখেন, কীভাবে পাঁচ বছরে মন্ত্রীরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন। এখন রাজনীতি করাই হয় বড়লোক হওয়ার জন্য।’

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মাহবুব জামিল বলেন, ‘সংবিধানের জন্য মানুষ, না কি মানুষের জন্য সংবিধান—সেটিই এখন ঠিক নেই। তা ঠিক থাকলে সংবিধানের অজুহাত দিয়ে জনগণকে ছাড়াই দেশে নির্বাচন হতে পারত না।’

সালেহউদ্দিন আহমেদ বলেন, কিছু কিছু সমস্যা আছে, যেগুলো দীর্ঘ মেয়াদে সমাধান করতে গেলে সব শেষ হয়ে যায়। অর্থনীতির অনেক বিষয় আছে যেগুলো দীর্ঘ মেয়াদে সমাধান করতে গেলে অর্থনীতিই ধ্বংস হয়ে যাবে। রাজনৈতিক সমস্যার সমাধানের ক্ষেত্রেও তাই।