ভোটের আগুনে সর্বস্ব ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাঙচুর ও লুটপাট হওয়া দোকান দেখে ডুকরে কেঁদে ওঠেন বগুড়ার গাবতলীর রামেশ্বরপুর বাজারের ব্যবসায়ী আঙ্গুরী মন্ডল। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো
ভাঙচুর ও লুটপাট হওয়া দোকান দেখে ডুকরে কেঁদে ওঠেন বগুড়ার গাবতলীর রামেশ্বরপুর বাজারের ব্যবসায়ী আঙ্গুরী মন্ডল। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো

বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের মাঝপাড়া গ্রামের আলমগীর হোসেন ওরফে আঙ্গুরী মণ্ডল (৫২)। সংসারের সাত সদস্য তাঁর আয়ের ওপর নির্ভরশীল। ৪০০ টাকা মাসিক ভাড়ায় রামেশ্বরপুর বাজারে একটি প্রসাধন সামগ্রীর দোকান দিয়েছিলেন। সেখানে ছেলেদের বসিয়ে তিনি বসতেন সামনের আরেকটি পান-সিগারেটের দোকানে। দুটি ব্যবসার পুঁজি জোগাতে কিস্তিতে ঋণ নিয়েছিলেন। সপ্তাহ শেষে ৮০০ ও মাসে ৫ হাজার টাকার কিস্তি পরিশোধ করতে হয় তাঁকে। কিন্তু গত শনিবার সন্ধ্যায় নির্বাচনী সহিংসতার সময় তাঁর দোকান গুঁড়িয়ে দেওয়া হয়।

গতকাল রোববার সকালে বিধ্বস্ত দোকানের সামনে বসে হাউমাউ করে কাঁদছিলেন আলমগীর। তিনি বলেন, ‘দল করি না। দিন-রাত দোকানে হাড়ভাঙা পরিশ্রম করি। বিনা দোষে কপাল পুড়ল আমার। চোখের সামনে সব শেষ হয়ে গেল।’
সহিংসতার আগুনে শুধু রামেশ্বরপুর বাজারের দোকানি আলমগীর হোসেনের কপাল পোড়েনি, পথে বসেছেন তাঁর মতো ১৩ জন স্বল্প পুঁজির দোকানি। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর কর্মীদের ১১টি মোটরসাইকেল পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে বাজারে এই অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।
গতকাল সকালে রামেশ্বরপুর বাজারে গিয়ে দেখা গেছে, বাজারজুড়ে পোড়া দোকানের চিহ্ন। একটি গুদামে বিপুল পরিমাণ পোড়া চাল ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। চারদিকে থমথমে পরিবেশ। বাজারের প্রধান রাস্তায় অবস্থান নিয়েছে পুলিশ। কোনো কোনো দোকান থেকে পোড়া ছাই সরানোর কাজ চলছিল।
রামেশ্বরপুর বাজার বণিক সমিতির সভাপতি মোমিনুল ইসলাম বলেন, রাজনৈতিক ঘূর্ণিঝড়ে এই বাজার এখন লন্ডভন্ড। ভোটের আগুনে পুড়ে ছাই অনেক দোকান। বিএনপি পোড়াল আওয়ামী লীগ-সমর্থকদের মোটরসাইকেল আর আওয়ামী লীগ পোড়াল নিরীহ ব্যবসায়ীদের ব্যবসাপ্রতিষ্ঠান। ভাঙচুর করল দোকান।
বাজারের ব্যবসায়ীরা জানান, শনিবার বিকেলে রামেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল ওহাব মণ্ডলের পক্ষে সভা চলছিল। এ সময় সভার অদূরে অবস্থান করছিলেন আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা। প্রথমে পাল্টাপাল্টি স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিএনপির সমর্থকেরা প্রতিপক্ষের ১১টি মোটরসাইকেলে আগুন দেন। ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগের সমর্থকেরা বাজারে হামলা চালিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালান ও অগ্নিসংযোগ করেন।
আগুনে ছাই হয়েছে আনোয়ার হোসেনের ফার্মেসি, আজিজার রহমানের চালের গুদাম, মকবুল হোসেনের সাইকেল পার্টসের দোকান, নুর আলমের ফল ও কনফেকশনারির দোকান, সানোয়ার হোসেনের চায়ের স্টল, বণিক সমিতির সভাপতি মোমিনুল ইসলামের ফার্মেসি। ভাঙচুর ও লুটপাট হয়েছে আলমগীরের প্রসাধনী, বাদলের মনিহারি, সাহিদুলের ফলের, জিন্নার পানের, সাইফুলের টেইলার্সের, মতিউরের সিমেন্টের ও আরিফুলের কম্পিউটারের দোকানে।
মকবুল হোসেন বলেন, ‘এই দোকানটাই সম্বল। দিন শেষে ২০০-৩০০ টাকা আয়ে পরিবারের মুখে ভাত জোটে। কোনো দল করি না। তবে ভোট এলে নৌকায় ভোট দিই। তারপরও রক্ষা পাইনি।’
নাম প্রকাশ না করার শর্তে ব্যবসায়ীরা অভিযোগ করেন, আওয়ামী লীগ-পুলিশ যৌথভাবে বাজারে হামলা-অগ্নিসংযোগ চালায়। বাজারের দোকানপাট পুড়িয়ে দেওয়ার সময় পুলিশ ফাঁকাগুলি ও ধরপাকড় করে। এ সময় পুলিশ বাজার থেকে দুজন নিরীহ রাজমিস্ত্রির জোগালি, একজন শরবতবিক্রেতা ও দুজন নিরীহ ব্যবসায়ীকে ধরে নিয়ে যায়।
গাবতলী মডেল থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, আটক পাঁচজনকে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি বলেন, ওই ঘটনায় থানার এসআই আবু জাররা বাদী হয়ে ৪৮ জনের নাম উল্লেখসহ ৭০০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এ ছাড়া মোটরসাইকেল পোড়ানোর ঘটনায় পৃথক একটি মামলার প্রস্তুতি চলছে।
বিএনপির প্রার্থী আবদুল ওহাব বলেন, নির্বাচনী বর্ধিত সভায় পরিকল্পিতভাবে হামলা করেছে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগের প্রার্থী ও বগুড়া শহর আওয়ামী লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খান পাল্টা অভিযোগ করে বলেন, বিএনপি বিনা উসকানিতে আওয়ামী লীগের কর্মীদের ওপর হামলা চালিয়ে ১১টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। আওয়ামী লীগের কেউ বাজারে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগে জড়িত নন।