ভোটের আগে আরেক উৎসব

শহরে নির্বাচনী উত্তাপ। পোস্টার-ব্যানার, স্লোগান-গণসংযোগে মুখর চারপাশ। নির্বাচনী ডামাডোলের মধ্যেও চট্টগ্রামবাসীর মনোযোগ রয়েছে বলীখেলা ও বৈশাখী মেলার উৎসবে। আবদুল জব্বারের বলীখেলার এবার ১০৬তম আসর। প্রস্তুত লালদীঘি ময়দানের মঞ্চ। আজ লড়বেন বলীরা।
বলীখেলাকে ঘিরে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে তিন দিনের বৈশাখী মেলা, চলবে রোববার পর্যন্ত। প্রতিবছর ১১ থেকে ১৩ বৈশাখ বসে এই আসর। তবে এবার ২৮ এপ্রিলের সিটি নির্বাচনের জন্য নিরাপত্তা বিবেচনায় বলীখেলার অনুমতি দিলেও মেলার অনুমতিতে বাধ সাধে পুলিশ। পরে অবশ্য সিদ্ধান্ত বদল করে তারা।
আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা উদ্যাপন কমিটির সভাপতি জহর লাল হাজারী বলেন, ‘নির্বাচনের জন্য নিরাপত্তার কারণে শুরুতে মেলা নিয়ে দোটানায় ছিলাম। পরে আমাদের অনুরোধে চট্টগ্রাম নগর পুলিশ মেলার অনুমতি দিতে রাজি হয়েছে। এ জন্য তাদের ধন্যবাদ।’
এবারও লালদীঘি পাড়ের এক বর্গকিলোমিটার এলাকাজুড়ে বসেছে মেলা। আন্দরকিল্লা মোড় থেকে লালদীঘির চারদিক, হজরত আমানত শাহ (রহ.) মাজার পেরিয়ে জেল সড়ক, দক্ষিণে বাংলাদেশ ব্যাংক চত্বর পেরিয়ে কোতোয়ালি থানার মোড়, পশ্চিমে কেসিদে সড়ক, সিনেমা প্যালেস হয়ে টিঅ্যান্ডটি অফিস ছাড়িয়ে গেছে মেলার পরিসর। চট্টগ্রামের আনাচে-কানাচে তো বটেই নরসিংদী, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, সিলেট, ময়মনসিংহ, ঢাকার সাভারসহ বিভিন্ন জেলা থেকে বিক্রেতারা এসেছেন হরেক পণ্য নিয়ে।
গতকাল দুপুর থেকে মেলা এলাকায় মানুষের ভিড়। দোকানিদের হাঁক-ডাক। কেউ দরদাম করছেন, কেউ শখের জিনিসটি আরও কিছুটা কম দামে পাওয়ার আশায় ভিড় ঠেলে সামনে এগোচ্ছেন। দুই হাতভরে কেনাকাটা করছেন অনেকেই। কারও হাতে চালনি-কুলা, কারও হাতে ঝাড়ু-বেলুনি। কেউ কিনেছেন পাটি-শতরঞ্জি।
আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের সামনে মাটির তৈরি খেলনার একটি ময়ূর দরদাম করছিলেন জামাল খান থেকে আসা গৃহিণী গীতাঞ্জলি বড়ুয়া। তিনি জানান, এই মেলা থেকে জিনিসপত্র কেরার জন্য সারা বছরের অপেক্ষায় থাকেন।
খেলনার দোকানি বাচ্চু মিয়া সাভারের কালিয়াপুরের বাসিন্দা। ১৯৯৫ সাল থেকে আসছেন মেলায়। তিনি বলেন, ‘মেলা হইব কী হইব না এইডা নিইয়া দোনমনা আছিল। তয় আমরা জানি খেলা হইলে মেলা হইবই। তাই চইল্যা আইছি।’
আরও সামনে এগিয়ে কেসিদে সড়কে সোনালী ব্যাংকের নিচে পাটির সম্ভার। সিলেট থেকে পাটি নিয়ে এসেছেন তেজেন্দ্র লাল নাথ। ৩০ বছর ধরে মেলায় আসছেন তিনি। তাঁর কথা, ‘মেলায় আসব না এটা ভাবতেই পারি না।’
হাতপাখা, মাটির টব, পাটি, খেলনা, আসবাব, প্রসাধনসামগ্রী, ঘর সাজানোর নানা উপকরণ, পাটের শিকা, দোলনা, থলে, সানকি, চাড়ি, ঢাকনা ও ভুঁই থেকে শুরু করে চাঁই, ডালা, কুলা, দা-বঁটি, খুন্তি, ঝাড়ু, বেলুনি, পিঁড়িসহ নিত্যপ্রয়োজনীয় সব জিনিসই রয়েছে। বাগানের জন্য টবে থাকা গাছের চারাও রয়েছে।
খাবারের মধ্যে গজা, খই, মুড়ি, খই, মোয়া, তিলের মোয়া, চিনিমাখা ছোলাবুট, মুড়ি, বাতাসা, নাড়ু, ভুট্টা, জিলাপি, মিষ্টি, দই, চানাচুর, আচারসহ মৌসুমি ফল। বিক্রিও চলছে দেদার।
আজ বলীখেলা: আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা আজ শনিবার বেলা সাড়ে তিনটায় লালদীঘি মাঠের মঞ্চে অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। প্রধান অতিথি থাকবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। আয়োজকেরা জানান, রামু, উখিয়া, টেকনাফ, ফটিকছড়ি, মিরসরাই ও কুমিল্লার ১৫০ জন বলী নাম নিবন্ধন করেছেন।