ভোটের আগে চট্টগ্রামে সেনা মোতায়েনের পক্ষে সুজন
সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ভোট নেওয়ার কয়েক দিন আগে থেকেই চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েনের পক্ষে মত দিয়েছে বেসরকারি সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন)। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ মত তুলে ধরা হয়।
সুজন বলছে, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা নির্বাচনে প্রচারণা চালালেও নির্বাচন কমিশন নীরব থেকেছে। গাড়িবহর নিয়ে মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রাসহ নানাভাবে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। কিন্তু কমিশন প্রার্থীদের কারণ দর্শানো নোটিশ বা জরিমানা করেই দায়িত্ব শেষ করেছে।
লিখিত বক্তব্যে বলা হয়, ভোট প্রদানের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাসহ দখল, ব্যালট পেপার ছিনতাই রোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
চট্টগ্রাম সিটি নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, পেশা, মামলা, আয়, সম্পদ, দায়দেনা ও ঋণ এবং আয়করসংক্রান্ত তথ্য তুলে ধরতে এ সংবাদ সম্মেলন করা হয়। সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ভোটাররা যাতে প্রার্থীদের সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারেন, সে জন্য এসব তথ্য তুলে ধরা হয়েছে।
নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, ‘গত উপজেলা নির্বাচনে সহিংস ঘটনা, কারচুপি, জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে। সহিংসতায় মানুষের মৃত্যুও হয়েছে। এখন নির্বাচন কমিশনকেই সিদ্ধান্ত নিতে হবে, তারা সেনাবাহিনী মোতায়েন ছাড়া নির্বাচন সুষ্ঠু করতে পারবে কি না।’
বদিউল আলম মজুমদার বলেন, ‘নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় অনেক প্রার্থী তাঁদের পেশা ও শিক্ষাগত যোগ্যতা দেননি। এসব তথ্য না দেওয়া মানে তথ্য গোপন করা।
সংবাদ সম্মেলনে সুজনের চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক মুহাম্মদ সিকান্দর খান বলেন, ‘আমরা উভয় পক্ষকে সংযত করার চেষ্টা করছি। যাঁরা ক্ষমতায় আছেন, তাঁদের বলছি সংযত হয়ে আচরণ করতে। আর যাঁরা ক্ষমতার বাইরে আছেন, তাঁদের বলছি এমন কিছু না করতে যেটা পরিস্থিতিকে অস্থিতিশীল করবে।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুজনের জেলা শাখার সাধারণ সম্পাদক আখতার কবির চৌধুরী। আরও উপস্থিত ছিলেন সুজনের সংগঠক প্রকৌশলী সুভাষ বড়ুয়া।
হলফনামার তথ্য: সংবাদ সম্মেলনে চট্টগ্রাম সিটি নির্বাচনে অংশ নেওয়া ২৮৬ জন প্রার্থীর হলফনামার তথ্য উপস্থাপন করে সুজন। প্রার্থীদের মধ্যে ৩৭ দশমিক ৪১ শতাংশ জনের শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে। বাকিদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি থেকে স্নাতকোত্তর পর্যন্ত। পেশার ক্ষেত্রে দেখা গেছে, ৬৫ দশমিক ৭৩ শতাংশ প্রার্থী ব্যবসায়ী।