ভোটের আগে নাছিরের আরেক পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়র নির্বাচনের আগেই আরেকটি নির্বাচনে ভোটারদের মুখোমুখি হচ্ছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। আগামী শনিবার এ নির্বাচন হবে। তবে এটি অরাজনৈতিক একটি সংগঠনের নির্বাচন। নগরবাসীর দৃষ্টি আছে এই নির্বাচনের দিকেও।
‘দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড’–এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ–সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী চট্টগ্রামের স্থানীয় দৈনিক আজাদীর সম্পাদক আবদুল মালেক।
দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির বর্তমান সভাপতি আবদুল মালেক এবং সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। চট্টগ্রামের খুলশী, নাসিরাবাদ হাউজিং সোসাইটি ও রোজভ্যালি এলাকার বাসিন্দারা এই সংগঠনের সদস্য। মোট সদস্য ৩ হাজার ৭৫ জন। সদস্যরাই ভোটার।
হাউজিং সোসাইটি সূত্র জানায়, বিভিন্ন কারণে বর্তমান সভাপতি আবদুল মালেকের সঙ্গে আ জ ম নাছির উদ্দিনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। এ কারণে আ জ ম নাছির আবদুল মালেকের প্যানেল থেকে বেরিয়ে আলাদা প্যানেল ঘোষণা করে নির্বাচন করছেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যসংখ্যা ১২ জন। চৌধুরী মো. সাহাবউদ্দিন নামের একজন স্বতন্ত্র সভাপতি প্রার্থীও রয়েছেন।
নিজ প্যানেলের বর্তমান সম্পাদক প্রার্থী হওয়ার বিষয়ে কো-অপারেটিভ সোসাইটির সভাপতি আবদুল মালেক প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন করার অধিকার সবার আছে। সম্মানিত সদস্যরা যাঁকে পছন্দ করবেন, তিনি নির্বাচিত হবেন। আমি দুবার প্রতিষ্ঠানটির সভাপতির দায়িত্ব পালন করছি। স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে আমি কাজ করতে পছন্দ করি।’
হাউজিং সোসাইটির সভাপতি প্রার্থী আ জ ম নাছির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মালেক ভাইয়ের (আবদুল মালেক) কমিটির সম্পাদক আমি। এখন আলাদা প্যানেল দিয়ে নির্বাচন করছি। ১৯৮৫ সাল থেকে আমি এই সোসাইটির সদস্য। প্রতিষ্ঠানটির প্রতি আমার অনেক অঙ্গীকার রয়েছে।’
এক প্রশ্নের জবাবে নাছির উদ্দিন বলেন, ‘এই নির্বাচনের ফলাফল সিটি নির্বাচনকে প্রভাবিত করবে না।’
নাম প্রকাশ না করার শর্তে একাধিক সদস্য প্রথম আলোকে জানান, শহরতলির বড়দীঘিপাড় এলাকায় হাউজিং সোসাইটির নামে জমি কেনা ও বায়না নিয়ে অস্বচ্ছতার অভিযোগ রয়েছে। গত ১৪ মার্চ সোসাইটির বার্ষিক সাধারণ সভায় একাধিক সদস্য এ নিয়ে অভিযোগ তোলেন। তাঁদের অভিযোগ, প্রতি শতক জমি ৩ লাখ ৪৫ হাজার টাকায় কেনা হয়েছে। কিন্তু এই জমির বাজারদর আরও কম। ওই জমির মধ্যে চট্টগ্রামের একজন ব্যবসায়ীর কাছ থেকে ১২৪ শতক জমি কেনা হয়েছে, আওয়ামী লীগ–সমর্থিত মেয়র প্রার্থী হিসেবে ওই ব্যবসায়ীর নাম প্রচারিত হয়েছিল।
সোসাইটির আরেক সভাপতি প্রার্থী চৌধুরী মো. সাহাবউদ্দিন প্রথম আলোকে বলেন, ১৪ মার্চের সাধারণ সভায় বড়দীঘিপাড় এলাকায় জমি কেনা নিয়ে অস্বচ্ছতার বিষয়ে আলোচনা হয়। যে জমি আগের কমিটির কাছে গন্ডা (প্রতি গন্ডায় দুই শতক) দুই লাখ টাকা করে চাওয়া হয়েছিল, সেই জমি এই কমিটির তিনজন সদস্যের ক্রয় কমিটি ৬ লাখ ৯০ হাজার টাকা করে কিনেছে। সভায় সাধারণ সদস্যদের অভিযোগ, প্রক্রিয়াটি ছিল অস্বচ্ছ এবং বিতর্কিত। তিনি জানান, ক্রয় কমিটির ওই তিন সদস্যই আ জ ম নাছিরের প্যানেল থেকে লড়ছেন।
জানতে চাইলে আ জ ম নাছির উদ্দিন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, ‘স্বচ্ছতার সঙ্গে জমি কেনা হয়েছে। মালেক ভাইও জমি কেনার আগে সবকিছু যাচাই করে দেখেছেন।’
চিটাগাং কো-অপারেটিভ সোসাইটির ব্যবস্থাপক আকবর হোসেন জানান, ৩ লাখ ৪৫ হাজার টাকা করে বড়দীঘিপাড় এলাকায় ৩২৭ শতক জমি কেনা হয়েছে। আরও ১৭১ শতক জমির বায়না করা হয়েছে। সোসাইটির নামে নাসিরাবাদ এলাকায় ১৬ কাঠা জমির ওপর একটি বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে, এর জন্য ব্যয় হচ্ছে ২২ কোটি টাকা। ভবিষ্যতে আরও কোটি কোটি টাকার জমি কেনা ও ফ্ল্যাট নির্মাণ প্রক্রিয়াধীন আছে।