ভোটের আগেই ভোটের আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে জয়পুরহাটের কালাইয়ের একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নের প্রার্থী বাছাইয়ের কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগ। এ নিয়ে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে উদ্দীপনা।দলীয় সূত্রে জানা যায়, পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশীরা ৭ আগস্ট উপজেলা সদর থেকে মোটরসাইকেল শোভাযাত্রা ও নেতা-কর্মীদের নিয়ে জেলা সদরে গিয়ে দলীয় মনোনয়ন দাখিল করেন। তৃণমূলের মতামত গ্রহণ, জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনার বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে এ মাসেই দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন এ প্রক্রিয়ার প্রধান সমন্বয়ক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল-মাহমুদ স্বপন। তালিকা প্রকাশের পর দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কেউ প্রার্থী হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করে দেন তিনি।জেলা আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, পৌরসভা ও ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত করতে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একক প্রার্থী নিশ্চিত করতে মনোনয়নপ্রত্যাশীদের কাছ থেকে নির্ধারিত ফরমে ৭ আগস্টের মধ্যে আবেদন আহ্বান করা হয়। ৩০ জন মনোনয়নপ্রত্যাশী ব্যাপক শোভাযাত্রা-মহড়া নিয়ে জেলা সদরে গিয়ে আবেদন জমা দেন। আবু সাঈদ আল মাহমুদ নিজেই উপস্থিত থেকে মনোনয়ন জমা নেন। কর্মী বাহিনী নিয়ে উপস্থিত এসব মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় নেতার সামনে নিজেদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা প্রমাণেরও চেষ্টা চালান।এদিকে দলীয় মনোনয়ন পেতে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তালিকায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতা থেকে শুরু করে সাধারণ কর্মী-সমর্থক এমনকি দলে নতুন যোগদানকারীরাও আছেন। দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে ‘সবুজ সংকেত’ পেয়েছেন এমন দাবি করে কেউ কেউ কর্মী-সমর্থকদের মধ্যে মিষ্টি বিতরণ করছেন। অনেকে দলে নিজের অবদানের কথা বলে মনোনয়ন পাওয়ার ব্যাপারে জোর আশাবাদ ব্যক্ত করছেন।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার বলেন, ‘সারা জীবন দলকে অনেক দিয়েছি, বিনিময়ে দলের কাছে কিছুই চাইনি কখনো। পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছি। আশা করি নিশ্চিত জয়লাভের সম্ভবনার বিষয়টি আমলে নিয়ে দল আমাকে মনোনয়ন দেবে।’ আহম্মেদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আকবর বলেন, ‘ইউনিয়ন আওয়ামী লীগের শীর্ষ পদে থেকে দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করছি। তাই দলীয় মনোনয়ন আমিই পাব বলে শতভাগ আশা রাখছি।’নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের এক শীর্ষস্থানীয় নেতা প্রথম আলোকে জানিয়েছেন, মেয়র ও চেয়ারম্যান পদের জন্য ইতিমধ্যে মনোনয়ন চূড়ান্ত করেছেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তবে তিনি এ কথা নাকচ করে বলেন, তৃণমূলের মতামতের বাইরে কিছুই করা হবে না। যাবতীয় যোগ্যতা বিবেচনায় এনেই সংশ্লিষ্ট ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হবে। মনোনয়ন বাছাইয়ের জন্য একটি উপকমিটি গঠন করে দেওয়া হয়েছে।এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও স্থানীয় সাংসদ গোলাম মোস্তফা বলেন, যেকোনো নির্বাচনে তৃণমূলের মতামত নিয়ে প্রার্থী ঠিক করা ভালো। তবে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের আগেই কোনো দলের এ ধরনের প্রক্রিয়া শুরু করা ঠিক নয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হলে তা গণতন্ত্রের জন্য ভালো। তবে এ ক্ষেত্রে সহিংসতা বেশি হওয়ার আশঙ্কা থাকে। সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, যেকোনো নির্বাচনে প্রার্থী বাছাইয়ে তৃণমূলের মতামত নেওয়াটাই গণতান্ত্রিক পদ্ধতি। তবে ইউপি ও পৌর নির্বাচন দলীয়ভাবে হবে কি না তা এখনো ঠিক হয়নি। এমনটা হলে স্থানীয়ভাবে দলবাজি ও মনোনয়ন-বাণিজ্য হতে পারে। জয়পুরহাটে আওয়ামী লীগ যে প্রক্রিয়া শুরু করেছে সেটা আদৌ স্বচ্ছ হবে কি না সন্দেহ আছে।