ভোটের আগের রাতে সিল মারার শঙ্কা এক প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে ভোটের আগের রাতে ব্যালট পেপারে সিল মারার শঙ্কা প্রকাশ করে এক প্রার্থী রিটার্নিং কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনারের কাছে ভোটের দিন ভোরে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানো এবং প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন।
মেয়র পদে উপনির্বাচনে ১৯ দল সমর্থিত প্রার্থী আলাল উদ্দিন গতকাল বৃহস্পতিবার এ দাবি জানান। তিনি অভিযোগ করেন, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী একজন চিহ্নিত সন্ত্রাসী।
কাল শনিবার ফেনী পৌরসভার মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ফেনী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলাউদ্দিন এবং ১৯ দলের সমর্থন নিয়ে প্রার্থী হয়েছেন ফেনী পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন।
অভিযোগ প্রসঙ্গে মহাজোট সমর্থিত প্রার্থী আলাউদ্দিন বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। নির্বাচনে ভরাডুবি হবে বুঝতে পেরে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবোলতাবোল কথা বলতে শুরু করেছেন। তিনি নিজেও সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করেন।
রিটার্নিং কর্মকর্তা ও ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক বলেন, তিনি এক প্রার্থীর আবেদন পেয়েছেন। নির্বাচনী বিধি অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। ফেনী পৌরসভায় ৩০ ভোটকেন্দ্রের সবগুলোকে প্রশাসন ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে।
ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী গত ৫ জানুয়ারি সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পরে নির্বাচন কমিশন ফেনী পৌরসভার মেয়র পদ শূন্য ঘোষণা করে এবং উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।