ভোটের আনন্দ ভুলিয়েছে সিডর-আইলার দুঃখকষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সিডরের তাণ্ডব দেখেছি। ঘরবাড়ি, স্বজন হারিয়েছি। আইলার জলোচ্ছ্বাসে ফসল ভেসে গেছে। দুঃখকষ্টেও পুরোনো স্মৃতি নিয়ে বেঁচে আছি আমরা। তার পরও প্রথম ভোটার হয়েছি এবং প্রথম ভোট দিতে এসে যে এত আনন্দ লাগছে, তা বোঝাতো পারব না।’গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পায়রাপারের চরখালী সমবায় মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জীবনের প্রথম ভোট দিতে এসে এভাবেই ভোট দেওয়ার অনুভূতির কথা বলেন কলেজছাত্রী হ্যাপী আক্তার। হ্যাপী আক্তারের মতো প্রথম ভোট দিতে এসেছেন গ্রামের তানিয়া, শাহিনা আক্তার, নীরু আক্তার, শাহানুর, খাদিজা, জেসমিনসহ বেশ কয়েকজন ভোটার। প্রথম ভোটার হওয়া খাদিজা জানান, ‘ভোট দেওয়ার যে এত আনন্দ, তা বুঝিনি। এখানে আমরা কয়েকজন মিলে প্রথম ভোট দিতে এসেছি।’ তাঁর সাব কথা, ‘অনেক দুর্নীতির কথা শুনেছি। যাঁরা দুর্নীতির সঙ্গে জড়িত, তাঁদের ভোট দেব না।’ উপজেলার প্রমত্তা পায়রা নদীপারের ইউনিয়ন দেউলীসুবিদখালী। সিডরের আঘাতে এই ইউনিয়নের চরখালী গ্রামের ঘরবাড়ি, গাছপালাসহ সবকিছু লন্ডভন্ড হয়ে যায়। ভেসে যায় গবাদিপশু। ঘটে অনেক প্রাণহানীর ঘটনা। স্বজন ও সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে চরখালী গ্রামের পায়রাপারের মানুষ। পরে আইলার জলোচ্ছ্বাসের শিকার হয় তারা। বারবার দুর্যোগের শিকার হলেও এই প্রথম ভোটার হয়ে ভোট দেওয়ার আনন্দ তাঁদের ভুলিয়ে দিয়েছে সিডর ও আইলার ভয়াল স্মৃতি।কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এ কে এম মনিরুজ্জামান জানান, কেন্দ্রে ভোটার এক হাজার ২০২ জন। সকাল সোয়া ১০টার মধ্যে কেন্দ্রের চারটি বুথে ৩৯৫ জন ভোটার ভোট দেন। ভোটাররা লাইনে অপেক্ষা করলেও তাঁদের মধ্যে উৎসাহ বিরাজ করেছে।