ভোটের আমেজ নেই বদরগঞ্জে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন পাঁচেক পর ২৭ ফেব্রুয়ারি রংপুরের বদরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন। কিন্তু এ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনো উৎসাহ-উদ্দীপনা বা আমেজ নেই। প্রার্থীরাও ভোট চাইতে গিয়ে তেমন সাড়া পাচ্ছেন না।
আওয়ামী লীগ-সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তাজুল ইসলামের কথায়ও ভোট নিয়ে মানুষের নিরুৎসাহের কারণগুলো ফুটে উঠেছে।
এই চেয়ারম্যান পদপ্রার্থী দাবি করেন, বিগত সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ এলাকায় রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাংসদ নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসানুল হক চৌধুরী। এ কারণে ভোটাধিকার প্রয়োগে বঞ্চিত হওয়ায় সাধারণ মানুষ অনেকটা ক্ষুব্ধ। এ ছাড়া বিগত উপজেলা পরিষদ নির্বাচনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে সাধারণ মানুষ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নির্বাচিত করলেও এলাকার উন্নয়নে তাঁরা ভূমিকা রাখতে পারেননি। এ কারণে সাধারণ মানুষ উপজেলা পরিষদ নির্বাচনকে গুরুত্বহীন মনে করছেন। ভোট চাইতে গিয়ে অতীতের মতো সাড়া মিলছে না। দিন ঘনিয়ে এলেও ভোট নিয়ে কোনো মাতামাতি নেই। গ্রামে ভোট চাইতে গেলে অনেকে আক্ষেপ করে বলেন, ‘এ্যালা ভোটতো হামাক দিবারে নাগে না। তোরা আলছেন ক্যান?’
বিএনপি-সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাখাওয়াত হোসেন, জাসদ-সমর্থিত প্রার্থী আবদুস সাত্তার, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুল ইসলামসহ অনেকেই জানান, নির্বাচনী প্রচারাভিযানে কমিশন নানা বিধিনিষেধ আরোপ করায় গ্রামগঞ্জে এবার ভোটের আমেজ নেই।
উপজেলার আমরুলবাড়ি গ্রামের ভোটার আবদুল গফুর বলেন, ‘বড়টাই (সংসদ নির্বাচন) ভোট ছাড়া হয়া গেইছে। ছোটোটাত (উপজেলা নির্বাচনে) ভোট দিয়া কী হইবে?’
রামনাথপুর এলাকার ভোটার বিলকিস বেগম বলেন, ‘গতবার উপজেলা চেয়ারমিনি ভোট দেছনো তাঁরা কাম কইরবার পারে নাই। এইগলা কষ্ট করি ভোটই দিবার যাবার নেই।’
রংপুর-২ আসনের সাবেক সাংসদ মোহাম্মদ আলী সরকার বলেন, ‘অতীতে বহু জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন করেছি। কিন্তু এবারের এক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থনে প্রচারণা চালাতে গিয়ে সাধারণ মানুষের মধ্যে ভোটের প্রতি এমন অনীহা আর দেখি নাই।’
কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ সরকার বলেন, ‘সরকার উপজেলা পরিষদকে ঢাল-তলোয়ারবিহীন নিধিরাম সর্দার করে রাখায় আমরা এলাকায় তেমন কোনো কাজ করতে পারিনি। এ কারণে সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে না পারায় এবারের উপজেলা নির্বাচনে প্রার্থী হইনি।’