ভোটের জন্য গ্যাস, গ্যাসের জন্য ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার তুলনায় সব বিভাগীয় শহর অনেকটা ফাঁকা। রিকশা বা ইজিবাইকে চড়ে ঘুরতে বেশ মজা। কিন্তু রাজশাহী শহর কিছুটা ব্যতিক্রম। এখানে একটু পর পর ধাক্কা খেতে হয়। কারণ, কয়েক গজ পর পর রাস্তা কাটা। কেন এত কাটা? কারণ খুঁজতে গিয়ে জানা গেল, গ্যাসের পাইপ বসাতেই শহরজুড়ে রাস্তা কাটতে হয়েছিল। রাস্তা কেটে বাসাবাড়িতে পাইপ ঢুকেছে ঠিকই, নগরবাসী গ্যাস কিন্তু পাননি।

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে এই গ্যাস গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে। মানুষ বলাবলি করছে, ভোটের বিনিময়ে গ্যাস, নাকি গ্যাসের বিনিময়ে ভোট। গত ২০০৮ ও ২০১৩ সালের সিটি নির্বাচনেও গ্যাস আলোচিত নির্বাচনী ইস্যু ছিল।

সিটি করপোরেশন নির্বাচনে এবারও আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। গত ২৭ জুন এক আলোচনা সভায় তিনি বলেছেন, মেয়র নির্বাচিত হলে তিনি রাজশাহীতে গ্যাসভিত্তিক ৫০ থেকে ১০০টি শিল্পকারখানা গড়ে তুলবেন। শহরের বিভিন্ন দোকানে বা বাড়ির সামনের দেয়ালে সাঁটানো এই প্রার্থীর কিছু প্রচারপত্র চোখে পড়ে। তাতে লেখা: ‘গ্যাস এনেছে লিটন ভাই, মা-বোনের সমর্থন চাই।’

এ বিষয়ে জানতে চাইলে খায়রুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘গ্যাসভিত্তিক শিল্প গড়ে তোলার পরিকল্পনা আমার আছে। আর যেসব বাড়িতে গ্যাসের লাইন দেওয়া হয়েছে কিন্তু সংযোগ দেওয়া হয়নি, সেসব বাড়িতে দ্রুত গ্যাস সরবরাহের ব্যবস্থা করব।’

শহরের রানীনগর সাধুর মোড়ে কথা হয় সাইদা বেগমের সঙ্গে। ২০১৫ সালের ২০ জুন বাড়িতে গ্যাস সংযোগ নেওয়ার জন্য তিনি সিটি করপোরেশনে ৪ হাজার ৯১৪ টাকা জমা দিয়েছিলেন। তার আগে ২২ মে গ্যাস কোম্পানিকে দিয়েছিলেন ২১ হাজার ৩৭৫ টাকা। রান্না ঘরের চূলা পর্যন্ত গ্যাসের পাইপ নিয়ে যেতে ঠিকাদারকে দিয়েছিলেন ১২ হাজার ৮০৬ টাকা। কিন্তু গ্যাস তিনি পাননি। তাঁর মতো বহু মানুষ টাকা জমা দিয়ে বছরের পর বছর গ্যাসের জন্য অপেক্ষা করছেন।

সরকারের পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির রাজশাহী অঞ্চলের ব্যবস্থাপক আজাদ কামাল প্রথম আলোকে বলেন, ৫৫০টি বাড়ির মালিক টাকাপয়সা জমা দিয়েছেন। দুই-তিন মাসের মধ্যে তাঁরা গ্যাস পেতে পারেন। এ ছাড়া আরও ১১ হাজার বাড়ির মালিক গ্যাসের জন্য আবেদন করেছেন।

রাজশাহী সিটি করপোরেশন বলছে, মহানগরে ৪৭ হাজার বাড়ি (হোল্ডিং) আছে। এ পর্যন্ত ৯ হাজার ১০৩টি বাড়িতে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ ৮১ শতাংশ বাড়ি গ্যাস সংযোগের বাইরে আছে।

বিএনপি ও আওয়ামী লীগের নেতারা বাভিন্ন সময় নগরবাসীকে গ্যাস সরবরাহের প্রতিশ্রতি দিয়েছিলেন। ২০০৬ সালে ১৩ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজশাহীর নওদাপাড়া বেলপুকুর বাইপাস সড়কের পাশে গ্যাস বিতরণ নেটওয়ার্কের উদ্বোধন করেন। তার আগে বিএনপির মেয়র মিজানুর রহমান মিনু একাধিকবার গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ২০০৮ সালে সিটি করপোরেশন নির্বাচনের আগে রাজশাহী মহানগরে গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন সব প্রার্থী। ওই নির্বাচনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছিলেন খায়রুজ্জামান। কিন্তু মেয়র থাকাকালে তিন সব বাড়িতে গ্যাস সংযোগের ব্যবস্থা করতে পারেননি। তার মেয়াদের শেষ সময়ে এবং ২০১৩ সালের সিটি করপোরেশন নির্বাচনের আগে তড়িঘড়ি করে শহরের বিশিষ্ট ৩২ ব্যক্তির বাড়িতে গ্যাস সংযোগ দেওয়া হয়। এ নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েন তিনি। ২০১৩ সালের ১৫ জুনের নির্বাচনে বিএনপি প্রার্থী মোসাদ্দেক হোসেনের কাছে হেরে যান খায়রুজ্জামান।

মোসাদ্দেক হোসেনের মেয়াদের প্রথম দুই বছর গ্যাস সংযোগ ও সরবরাহের কাজ চলতে থাকে। ৯ হাজার ১০৩টি বাড়িতে সংযোগ দেওয়ার পর এ কাজ বন্ধ হয়ে যায়। এ বিষয়ে সদ্য সাবেক এই মেয়র প্রথম আলোকে বলেন, এটি সরকারের নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। তাঁর ভূমিকা রাখার কোনো সুযোগ ছিল না। তবে নির্বাচন সামনে এলেই যদি গ্যাস দেওয়া হয়, তাহলে বলতে হবে এটা রাজনৈতিক গ্যাস।