ভোটের জন্য প্রস্তুত চট্টগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন কাল বৃহস্পতিবার। নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নগরের জামালখান ওয়ার্ডের ১৪টি কেন্দ্রের ৭৯টি কক্ষে স্বয়ংক্রিয় ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট নেওয়া হবে। ভোটাররা ব্যালট পেপারে সিল দেওয়ার পরিবর্তে যন্ত্রের বোতাম টিপে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। ভোটের দিন শহরের ১৫৫ বর্গমাইল এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।নির্বাচন কমিশন সূত্র জানায়, শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ২১ হাজার সদস্য এবং প্রায় ১৭ হাজার নির্বাচনী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। সিটি করপোরেশনের শিক্ষাপ্রতিষ্ঠান ও ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের নির্বাচনী কাজে নিয়োগ দেওয়া হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতিমধ্যে নগরে টহল দেওয়া শুরু করেছেন। প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৪১টি ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু হয় ৩ জুন থেকে। এসব চলবে ভোটের পরদিন ১৮ জুন পর্যন্ত। নির্বাচনের দুই দিন আগে থেকে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে যোগ দিয়েছেন ১২ জন বিচারিক হাকিম।জানা গেছে, আজ বুধবার বিকেল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোটের বাক্সসহ আনুষঙ্গিক সরঞ্জাম নিয়ে নিজ নিজ ভোটকেন্দ্রে চলে যাবেন। নির্বাচন কর্মকর্তারা যাবেন নির্বাচনের দিন সকালে।শেষ ব্রিফিং: নির্বাচনের কাজে নিয়োজিত সেনাবাহিনী, বিডিআর, কোস্টগার্ড, র‌্যাব, পুলিশ, আনসারসহ সব বাহিনীর সদস্যদের গতকাল বিকেলে দামপাড়া পুলিশ লাইনে শেষ ব্রিফিং দেওয়া হয়। এতে নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব সংস্থার মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। ব্রিফিংয়ে চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের প্রতিনিধি, রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী, পুলিশ কমিশনার মো. মনিরুজ্জমান, চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আসাদুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন।ব্রিফিংকালে বলা হয়, দায়িত্ব পালনকালে কোনো প্রার্থীর পক্ষে-বিপক্ষে কাজ করা কিংবা কারও থেকে সুযোগ-সুবিধা নেওয়ার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এর আগে দুপুরে নগর পুলিশ কমিশনারের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সমন্বয় বৈঠক হয়। এতে পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অপারেশনস) বেনজির আহমদ, র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ উপস্থিত ছিলেন।কেন্দ্র: নির্বাচন কমিশন মোট ৬৭৩টি কেন্দ্রের মধ্যে ২২৫টিকে সাধারণ কেন্দ্র এবং ৪৪৯টি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে। ভৌগোলিক অবস্থান, জনসংখ্যার অনুপাত ইত্যাদি বিবেচনায় কেন্দ্রগুলোকে এ দুই ভাগে ভাগ করা হয়। নির্বাচনের দিন প্রতিটি সাধারণ কেন্দ্রে ২০ জন এবং প্রতিটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২২ জন করে আনসার ও পুলিশ সদস্য মোতায়েন থাকবে।নিজস্ব পর্যবেক্ষক: রিটার্নিং কর্মকর্তা বলেন, নির্বাচনের দিন প্রতিটি ওয়ার্ডে ভোট গ্রহণ প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একজন করে পর্যবেক্ষক থাকবেন। তাঁরা হবেন নির্বাচন কমিশনের নিজস্ব লোক। তাঁরা দিন শেষে ভোট গ্রহণ প্রক্রিয়ার ওপর কমিশনে প্রতিবেদন জমা দেবেন। এ ছাড়া প্রতিটি ওয়ার্ডে সারা দিন কমিশনের একটি ভিডিও ক্যামেরা থাকবে। নির্বাচনে কোনো অসংগতি দেখা গেলে তা ক্যামেরায় ধারণ করা হবে।নিরাপত্তা তল্লাশি: নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী আজ বুধবার মধ্যরাত থেকে পরবর্তী ২৪ ঘণ্টা নগর এলাকায় কিছু যান চলাচল নিষিদ্ধ থাকবে। মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ গত সোমবার মধ্যরাত থেকে। এ কারণে ভ্রাম্যমাণ আদালত গতকাল নগরের বিভিন্ন স্থানে চলাচলকারী কিছু মোটরসাইকেল জব্দ করে।১৩০টি পিকেট: নির্বাচনের দিন ভোটকেন্দ্রে আসা-যাওয়ার পথে কেউ যাতে ভোটারদের বাধা কিংবা কোনো প্রার্থীর পক্ষে-বিপক্ষে প্রভাব খাটাতে না পারে, সে জন্য ১৩০টি স্থানে বিশেষ নিরাপত্তা তল্লাশি কেন্দ্র (পিকেট) স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। এসব কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।