ভোটের জোয়ারে অল্প ভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপুর ১২টা। বাঘা উচ্চবিদ্যালয় কেন্দ্র। ভোট পড়েছে প্রায় ৪০ শতাংশ। প্রিসাইডিং কর্মকর্তা শামসুন্নাহার বললেন, ‘এই কেন্দ্রটি পুরুষদের। পুরুষেরা সাধারণত বিকেলে ভোট দিতে আসেন। কিন্তু আজ সকালেই তাঁদের ব্যাপক উপস্থিতি। দেখে মনে হচ্ছে রীতিমতো ভোটের জোয়ার।’
অন্যান্য ভোটকেন্দ্র ঘুরে ভোটারদের একই রকম উপস্থিতি চোখে পড়েছে। একটি কেন্দ্রে শুধু আধ ঘণ্টার জন্য এই জোয়ারে ভাটা পড়েছিল। ভোট গ্রহণ স্থগিত ছিল। তা ছাড়া সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বাঘা উপজেলার ৮৯টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় উপজেলার নওটিকা-আরিপপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, নারী-পুরুষ সবাই সকাল থেকে বুথে লম্বা সারিতে দাঁড়িয়ে গেছেন। প্রিসাইডিং কর্মকর্তা ইয়াকুব আলী বলেন, ইতিমধ্যেই ১৩ শতাংশ ভোট পড়েছে। মানুষের মধ্যে সকাল থেকে বেশ উৎসাহ লক্ষ করা যাচ্ছে। সকালেই ভোট দিতে এসেছিলেন আরিপপুর গ্রামের মুক্তার আলী। তিনি বলেন, গত ভোটে (দশম জাতীয় সংসদ নির্বাচনে) সকালে মাঠে গিয়েছিলেন। মাঠ থেকে এসে ভোট দিয়েছিলেন। ভোট দেওয়ার তেমন তাগিদ ছিল না। এবার ভোটটা খুব জমজমাট লাগছে। তাই সকালেই ভোট গিতে এসেছেন। বাঘা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি নারী ভোটারদের। দুপুর সাড়ে ১২টার দিকে ওই কেন্দ্রে গিয়ে বিদ্যালয় মাঠে নারীদের সবচেয়ে বেশি ভিড় দেখা যায়। সব বুথেই নারীদের ঠাসাঠাসি করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। উপজেলার মিলিকবাঘা মহল্লার ভোটার নাদিরা বেগম বলেন, এবার মানুষের মধ্যে ভোট দিতে যাওয়ার উৎসাহটা অনেক বেশি। তিনি বলেন, তাদের মহল্লা থেকে ভোট দিতে যায়নি এ রকম একটি মেয়েও পাওয়া যাবে না। খোঁজ নিয়ে জানা গেছে, এ রকম উৎসবমুখর পরিবেশেই চলছিল ভোট গ্রহণ।
বাঘা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, ভোটের এই উৎসবে একটু ক্ষতি করেছে উপজেলার কেশবপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের জামায়াত সমর্থক কয়েকজন লোক। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা ভোটকেন্দ্রের ভেতরে ঢুকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন।
এ সময় আওয়ামী লীগের সমর্থকেরা বাধা দিলে তাঁদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আওয়ামী লীগের চার সমর্থক আহত হন। প্রায় আধা ঘণ্টার জন্য ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ তিনটি গুলি ছুড়েছে। পরে সেখানে সেনা মোতায়েন করা হয়।