ভোটের তারিখের পর তাণ্ডব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই আজ সোমবার দেশের বিভিন্ন জেলায় তাণ্ডব শুরু করে বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা।

আমাদের অফিস, প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদকদের পাঠানো খবর—

তফসিল ঘোষণার পর রাজশাহীতে অটোরিকশায় আগুন দিচ্ছে দুর্বৃত্তরা। ছবি: শহীদুল ইসলাম
তফসিল ঘোষণার পর রাজশাহীতে অটোরিকশায় আগুন দিচ্ছে দুর্বৃত্তরা। ছবি: শহীদুল ইসলাম

চাঁদপুর
নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাত সাড়ে আটটার দিকে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে টায়ার জ্বালিয়ে বিএনপির কর্মীরা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এ সময় চার-পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পাঁচ-সাতটি যাত্রীবাহী বাস ও গাড়ি ভাঙচুর করে অবরোধকারী। খবর পেয়ে হাজীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে বলে পুলিশ সুপার জানান।
এ দিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে না পারায় হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেনকে ক্লোজ করে পুলিশ লাইনে পাঠানোর হয়েছে।
পাবনা
পাবনা-ঢাকা মহাসড়কের বেশ কয়েকটি স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেছেন ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা। এতে সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাত নয়টার দিকে শহরের ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা শহরের বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের ইন্দারা মোড় এলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় মিছিলকারীরা চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। আতঙ্ক লোকজন দোকানপাট বন্ধ করে।

গাইবান্ধা
রাত সাড়ে আটটার দিকে জামায়াত-শিবির কর্মীরা পলাশবাড়ি উপজেলা শহরের মহেশপুর এলাকায় একটি বাস ভাঙচুর এবং সড়ক ও জনপদ অফিসের সামনে মালবাহী একটি ট্রাকে আগুন ধরিয়ে দেন। এ ঘটনার পর ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। উপজেলা ও জেলা শহরে অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।


গজারিয়া

সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে রাত আটটার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বাউশিয়া ও আনারপুরা এলাকায় টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা একটি ট্রাকে আগুন দেওয়াসহ চারটি যানবাহন ভাঙচুর করেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই নেতা-কর্মীরা পালিয়ে যান।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন-উর-রশিদ বলেন, মহাসড়কের বাউশিয়া এলাকায় ট্রাকে আগুন দেন বিএনপি-জামায়াত কর্মীরা। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তাঁরা সরে পড়েন।


পঞ্চগড়

প্রধান নির্বাচন কমিশনারের ভাষণের পরেই পঞ্চগড়ে বিএনপির পৃথক দুটি পক্ষ ও ১৮ দলের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) পৃথক পৃথক বিক্ষোভ মিছিল করে। মিছিলটি আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গেলে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। মুহূর্তেই শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরের সব দোকানপাট বন্ধ হয়ে যায়। এ সময় বিএনপির নেতা-কর্মীরা কয়েকটি যানবাহন ও দোকানে হামলা চালান। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


খুলনা

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি ভাঙচুর ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরের হঠাত্ বিএনপির একটি মিছিল বের করে। ওই মিছিল থেকে একটি ট্রাক ও তিনটি ইজিবাইক ভাঙচুর করে। এ সময় তারা ১৪টি ককটেল বিস্ফোরণ ঘটায়।
এ দিকে ফুলতলায় বিএনপি ও জামায়াত পৃথকভাবে রাত আটটায় মশাল মিছিল বের করে। ওই মিছিল থেকে দুটি মহেন্দ্র ও পিকআপ ভাঙচুর করে। এ সময় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ এবং বিক্ষোভ মিছিল বের করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের আনে।
তফসিল ঘোষণার প্রতিক্রিয়ায় নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচন কমিশনার একটি অবৈধ সরকারকে টিকিয়ে রাখার নীলনকশা করছে। এ তফসিল ঘোষণা আমরা মানি না।’


শেরপুর

তফসিল ঘোষণার পর বগুড়ার শেরপুর উপজেলা নির্বাচন অফিসের সামনে একটি ককটেল বিস্ফোরণ এবং শেরুয়া এলাকায় কমপক্ষে ২০টি গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
ঘোষণার পরই স্থানীয়ভাবে বিদ্যুত্ সরবরাহ (পিডিবি) বন্ধ হয়ে গেলে ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
শেরপুর থানার ওসি আলী আহমেদ হাশমী বলেন, উপজেলা নির্বাচন অফিসসহ ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।


ফরিদপুর

তফসিল ঘোষণার প্রতিবাদে ফরিদপুরে রাত আটটার দিকে ফরিদপুর শহরের মুজিব সড়কে খন্দকার হোটেল ও আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়।
এ ছাড়া ‘এ নির্বাচন মানি না’ স্লোগান দিয়ে শহরের আলীপুর বান্ধবপল্লি এলাকায় প্রতিবাদকারীরা কাভার্ড ভ্যান ও একটি তেলবাহী ট্রাক ভাঙচুর করে।


ফেনী

সিইসি কাজী রকিব উদ্দীন আহমেদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে আজ সন্ধ্যায় ফেনীতে চারটি ট্রাকে অগ্নিসংযোগ এবং ২০টি যানবাহন ভাঙচুর করেছেন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।
ছাত্রদল ও শিবির কর্মীরা শহরের ট্রাংক রোডে ঝটিকা মিছিল করে এবং বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটান। এতে শহরবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মো. আবুল কালাম আজাদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র্যাব সদস্যরা টহল অব্যাহত রেখেছে।


ঠাকুরগাঁও

ভোটের তারিখ ঘোষণার পরপরই ঠাকুরগাঁও শহরে বঙ্গবন্ধু সড়কে সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সামনে একটি ট্রাকে আগুন দেন বিএনপির নেতা-কর্মীরা।
বিএনপির নেতা-কর্মীরা সড়ক বিভাজনকারী বেড়াগুলো তুলে সেগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।


সিরাজগঞ্জ

তফসিল ঘোষণার পর শহরের নবদ্বীপপুল, কালীবাড়ি ও ফজলুল হক রোডে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের সঙ্গে সংঘর্ষ হয়েছে।
রাত পৌনে আটটার দিকে সদর উপজেলার খোকশাবাড়িতে দুটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করেন জামায়াতের কর্মীরা। এর কিছুক্ষণ পর রাত সাড়ে আটটার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের সদর উপজেলার চকশিয়ালকোল এলজিইডি মোড় ও দিয়ারবৈদ্যনাথের অ্যালবাট্রস এনার্জি অ্যান্ড কনভার্সন সিএনজি স্টেশনের সামনে বেপরোয়া গাড়ি ভাঙচুর শুরু করেন বিএনপির কর্মীরা। এ সময় প্রায় সাতটি ট্রাক, একটি যাত্রীবাহী বাস ও পাঁচটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি ব্যাটারিচালিত অটোবাইক ভাঙচুরের ঘটনা ঘটে। একই সময়ে ওই সড়কের চণ্ডীদাসগাতিতে তিনটি অটোরিকশা ভাঙচুর করেন বিএনপি-জামায়াত কর্মীরা।


সাতকানিয়া

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় তাণ্ডব চালিয়েছে জামায়াত-শিবিরের ক্যাডাররা। এ সময় তারা অন্তত ১৫টি গাড়ি ভাঙচুর করে এবং ১৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়।
এতে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইয়াছির আরাফাত বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।