ভোটের দিন খালেদাকে 'সরাবান তহুরা' পান করতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বিরোধী দলের নেতা খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, ‘ভোটের দিন দুপুর ১২টা পর্যন্ত সরাবান তহুরা পান করে জীবন উপভোগ করুন। তবে যাঁরা ভোট দিতে যাবেন, তাঁদের বাধা দেবার চেষ্টা করবেন না। যাঁরা বাধা দেবার চেষ্টা করবেন, তাঁদের গণতন্ত্রের শত্রু হিসেবে দমন করা হবে।’

আজ শনিবার বিকেলে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চরিয়া এলাকায় সিরাজগঞ্জ র্যাব-১২-এর নবনির্মিত সদর দপ্তর (হেডকোয়ার্টার্সের) উদ্বোধন করা হয়। ওই অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের নেতাকে উদ্দেশ করে আরও বলেন, সংবিধান অনুযায়ী দেশ চলবে, গণতন্ত্রকে টেকসই করতে যথাসময়ে নির্বাচন হবে। নির্বাচনে কোনো বিশেষ মহল যদি ভোট দিতে না চান, দেবেন না।

র্যাবকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, র‌্যাব দেশের আইনশৃঙ্খলা রক্ষায়, জঙ্গিবাদ, চরমপন্থী দমন ও মাদক নিয়ন্ত্রণে প্রশংসনীয় ভূমিকা রেখেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। তিনি ১৯ তারিখ জামায়াত-শিবিরের ডাকা হরতালে পিকেটারদের হামলায় নিহত শ্রমিক মাসুদের পরিবারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে পাঁচ লাখ টাকা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে খাস জমি প্রদানের ঘোষণা দেন।

র‌্যাব-১২-এর  অধিনায়ক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) জামিল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী  শামসুল হক টুকু, সাংসদ শফিকুল ইসলাম, ইসহাক হোসেন তালুকদার, পুলিশের মহাপরিদর্শক খন্দকার হাসান মাহমুদ, র‌্যাবের মহাপরিচালক মোকলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  কে এম হোসেন আলী হাসান প্রমুখ।

সেখানে সিরাজগঞ্জের জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার এস এম এমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।