ভোটের দিন চিরনিদ্রায় প্রার্থী শাশ্বতী
‘মা, তুমি তো সব সময় মানুষের প্রয়োজনে রক্ত দিয়েছ, কত মানুষের প্রাণ বাঁচিয়েছ; তোমার জন্য কারও কাছে কিছু চাওয়ার সুযোগ দিলে না!’ পুত্রবধূ মৌসুমীর বিলাপের সঙ্গে মেয়ে পিয়াসার কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। সকাল গড়িয়ে তখন দুপুর। লোকে লোকারণ্য মৌলভীবাজারের শ্রীমঙ্গল পূর্বাশা আবাসিক এলাকার শাশ্বতী নাগের বাড়ি। তাঁর মরদেহটি এক নজর দেখতে চান তাঁরা।শ্রীমঙ্গল পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থী শাশ্বতী নাগ (৫৫) গতকাল মঙ্গলবার বেলা ১১টায় হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদে কলস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।শাশ্বতীর ভাই নীহারেন্দু কর জানান, সকাল সাড়ে আটটার দিকে তিনি পৌরসভার ইলিয়াছ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। তখন শাশ্বতী ফোনে জানিয়েছিলেন, তাঁর বুকে ব্যথা হচ্ছে। ১০টার দিকে পৌরসভার ইলিয়াস প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ফিরে আসার পথে বুকের ব্যথা তীব্র হয়ে উঠলে প্রথমে তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।পূর্বাশার বাসিন্দা অনুজ কান্তি দাশ বলেন, ‘সিক্তা (ডাকনাম) দিদি কত মুমূর্ষু মানুষকে রক্ত দিয়ে বাঁচিয়েছেন! সিলেটের মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্তদানকেন্দ্র তাঁকে দুবার সিলেট বিভাগে শ্রেষ্ঠ রক্তদাতার সম্মানসূচক ক্রেস্ট দিয়েছে।’ প্রতিদ্বন্দ্বী প্রার্থী হেলেনা চৌধুরী বলেন, ‘প্রচারণায় তাঁকে যেখানেই পেয়েছি, দেখেছি তাঁর হাসিমাখা মুখ।’শ্রীমঙ্গলের রিটার্নিং কর্মকর্তা ফয়েজ আহাম্মদ জানান, ভোট শুরুর পর তাঁর মৃত্যু হওয়ায় নির্বাচন পরিচালনায় কোনো আইনগত বাধা নেই।