ভোটের দিন বোমা হামলা হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেছেন, ‘নির্বাচন যে পুরোপুরি শান্তিপূর্ণ হবে, সেই গ্যারান্টি নেই। তবে আমরা চেষ্টা করব শান্তিপূর্ণ করতে। ভোট গ্রহণের দিন দেশি-বিদেশি পর্যবেক্ষকেরা থাকবেন। কারচুপির কোনো সুযোগ থাকবে না।’

আজ মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাত্ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর সাবেক এই উপদেষ্টা আরও বলেন, ‘ভোটের দিন বোমা হামলা হতে পারে। আমরা চেষ্টা করব ভোটাররা যাতে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে। সে জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।’

বিরোধী দলের অবরোধ ও হরতাল কর্মসূচি সম্পর্কে এইচ টি ইমাম বলেন, ‘বিশৃঙ্খলা কারা করছে? এদের সঙ্গে বিরোধী দলও নেই। জামায়াত-শিবিরই নাশকতা চালাচ্ছে। তারা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আসলে তারা নির্বাচন চায় না। তারা চায় দেশকে অস্থিতিশীল করে যুদ্ধাপরাধীদের বিচার কাজ বন্ধ করতে। বিএনপি তাদের সহযোগিতা করছে। অন্যরাও আছে। তবে তাদের অবরোধ আমরা ভেঙে ফেলব।’

এইচ টি ইমাম জানান, নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী আওয়ামী লীগ তাদের সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ বাতিল করেছে। ২ জানুয়ারি এই সমাবেশের দিন নির্ধারিত ছিল। কমিশন মনে করছে, জনসভা করা হলে তা আচরণবিধির পরিপন্থী হবে।

অবরোধে জনগণের সম্পৃক্ততা থাকবে না

কাল থেকে শুরু হওয়া বিরোধী দলের লাগাতার অবরোধ কর্মসূচিতে জনগণের সম্পৃক্ততা থাকবে না বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ।

ভোট গ্রহণের আগে মাঠের পরিস্থিতির আরও উন্নতি হবে বলে মনে করেন সিইসি। তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো সংশয়ের অবকাশ নেই। বিরোধী দলের অবরোধ কর্মসূচিতে জনগণের সম্পৃক্ততা থাকবে না।’ সাংবাদিকদের সিইসি বলেন, ‘আপনারাই লিখেছেন, লম্বা লম্বা অবরোধে লোকজন ফেডআপ হয়ে যাচ্ছে। মানুষ এ ধরনের কর্মসূচির পক্ষে নয়। আশা করি যারা অবরোধ কর্মসূচি দিয়েছেন, তাদের শুভবুদ্ধিরও উদয় হবে। গুড সেন্স উইল প্রিভেইল। সুতরাং ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।’

সিইসি বলেন, খুন-খারাবি এটা অবাঞ্ছিত ঘটনা। কোনো পলিটিক্যাল পার্টির লোকজন এসব করছে না, দুষ্কৃতকারীরা করছে। দুষ্কৃতকারীরা কোনো পার্টির কেউ নন। তারা যে সব অস্ত্র ব্যবহার করছে তাও বৈধ নয়। তাই কমিশন অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

৩ জানুয়ারিতে প্রধানমন্ত্রীর ভাষণ বিটিভিতে

নির্বাচনে অংশ নেওয়া ১২টি রাজনৈতিক দলের প্রধানরা বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সুযোগ পাবেন। এ বিষয়ে অবহিত করে বিটিভি থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। কমিশন সচিবালয় সূত্র জানায় আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ জানুয়ারি ভাষণ দেবেন। এ-সংক্রান্ত পূর্ণাঙ্গ সূচি বিটিভি তৈরি করবে।

পর্যবেক্ষণে আসছে সার্কের দেশ

দশম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য সার্কের সদস্য দেশ ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের প্রতিনিধিরা আসবেন। সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন কমিশনের সংগঠন ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিজ অব সাউথ এশিয়ার (ফেমবোজা) নেতৃত্বে এসব দেশের পর্যবেক্ষকেরা আসবেন। তবে সদস্য দেশ আফগানিস্তানের পর্যবেক্ষক আসার বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। আজ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক ‘প্রথম আলো’কে এই তথ্য জানান।

কমিশন সচিবালয় সূত্র জানায়, সার্কের সদস্য দেশগুলোর পর্যবেক্ষকদের থাকা-খাওয়ার জন্য কমিশন এক কোটি টাকা বরাদ্দ করেছে।

ইতিমধ্যে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশ ও সংস্থা একতরফা নির্বাচন, নির্বাচনের পরিবেশ না থাকা এবং নিরাপত্তার প্রশ্ন তুলে নির্বাচন পর্যবেক্ষণ না করার সিদ্ধান্ত নিয়েছে। কমিশন সচিবালয় জানায়, দেশি পর্যবেক্ষকদের সংগঠন ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পাঁচ হাজারের বেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবে।