আজ থেকে শুরু হওয়া বিরোধী দলের লাগাতার অবরোধ কর্মসূচিতে জনগণের সম্পৃক্ততা থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ। তিনি মনে করেন, ভোট গ্রহণের আগে মাঠের পরিস্থিতির আরও উন্নতি হবে। ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশনে সাংবাদিকদের এসব কথা বলেন কাজী রকিব উদ্দীন আহমেদ।
সিইসি বলেন, নির্বাচন নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। বিরোধী দলের অবরোধ কর্মসূচিতে জনগণের সম্পৃক্ততা থাকবে না। মানুষ এ ধরনের কর্মসূচির পক্ষে নয়। আশা করি, যাঁরা অবরোধ কর্মসূচি দিয়েছেন, তাঁদের শুভবুদ্ধির উদয় হবে।
এদিকে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেন, ‘নির্বাচন যে পুরোপুরি শান্তিপূর্ণ হবে, সেই গ্যারান্টি নেই। তবে আমরা চেষ্টা করব শান্তিপূর্ণ করতে। ভোট গ্রহণের দিন দেশি-বিদেশি পর্যবেক্ষকেরা থাকবেন। কারচুপির কোনো সুযোগ থাকবে না।’ তিনি বলেন, ‘ভোটের দিন বোমা হামলা হতে পারে। আমরা চেষ্টা করব, ভোটাররা যাতে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন। সে জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।’
গতকাল নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এইচ টি ইমাম এসব কথা বলেন। তিনি জানান, নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী আওয়ামী লীগ তাদের সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ বাতিল করেছে। ২ জানুয়ারি এই সমাবেশের দিন নির্ধারিত ছিল। কমিশন মনে করছে, জনসভা করা হলে তা আচরণবিধির পরিপন্থী হবে।
দলীয় প্রধানদের ভাষণ বিটিভিতে: নির্বাচনে অংশ নেওয়া ১২টি দলের প্রধানেরা বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সুযোগ পাবেন।
এ বিষয়ে অবহিত করে বিটিভি থেকে কমিশনকে চিঠি দেওয়া হয়েছে।
কমিশন সচিবালয় সূত্র জানায়, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ৩ জানুয়ারি ভাষণ দেবেন। এ-সংক্রান্ত পূর্ণাঙ্গ সূচি বিটিভি তৈরি করবে।
সার্কের ছয় দেশের পর্যবেক্ষক আসছেন: জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য সার্কের সদস্যদেশ ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের প্রতিনিধিরা আসবেন। সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন কমিশনের সংগঠন ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিজ অব সাউথ এশিয়ার (ফেমবোজা) নেতৃত্বে এসব দেশের পর্যবেক্ষকেরা আসবেন। গতকাল নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক প্রথম আলোকে এই তথ্য জানান।
ইতিমধ্যে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশ ও সংস্থা একতরফা নির্বাচন, নির্বাচনের পরিবেশ না থাকা এবং নিরাপত্তার প্রশ্ন তুলে নির্বাচন পর্যবেক্ষণ না করার সিদ্ধান্ত নিয়েছে।