ভোটের নগরী, নেতার নগরী কুমিল্লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় পা রাখতেই ভোটের উত্তাপ পাওয়া যায়। রাস্তার দুপাশে টানানো সারি সারি সাদাকালো পোস্টার। কোনোটি নৌকার, কোনোটি ধানের শীষের। আছে কাউন্সিলর পদপ্রার্থীদের পোস্টারও। নির্বাচন কমিশন প্রচারণার জন্য বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে, কিন্তু প্রার্থীদের গণসংযোগ চলছে ভোর থেকেই।
গতকাল শুক্রবার ইজিবাইকে কান্দিরপাড়ে পৌঁছাতেই চোখে পড়ল স্বেচ্ছাসেবক লীগের বিশাল আয়োজন। উপলক্ষ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উদ্যাপন। তবে সেখানেও ছিল ৩০ মার্চের কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের আমেজ।
এই নির্বাচন ঘিরে কুমিল্লা এখন ভোটের নগরী। সেই সঙ্গে নেতার নগরীও। সিটি নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতারা প্রতিদিনই কুমিল্লায় আসছেন। দলীয় মেয়র পদপ্রার্থীর পক্ষে গণসংযোগে অংশ নিচ্ছেন। নেতাদের সঙ্গে আসছেন কর্মীরাও। ২০১৩ সালে অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের পর স্থানীয় সরকারের কোনো নির্বাচনে দুই দলের এত বেশিসংখ্যক কেন্দ্রীয় নেতা একসঙ্গে ঢাকার বাইরে পা রাখেননি।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে এসেছেন সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাংসদ পংকজ দেবনাথ, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ছাত্রলীগের সাবেক নেতা শাহজাদা মহিউদ্দিন প্রমুখ।
বিএনপির নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, মো. শাহজাহান, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূইয়া এখন কুমিল্লায়। তবে স্থানীয় বিএনপির নেতাদের মধ্যে কেউ কেউ মামলার ভয়ে প্রচারে নামছেন না।
স্বেচ্ছাসেবক লীগের গতকালের আয়োজনে প্রথমবারের মতো স্থানীয় সাংসদ আ ক ম বাহাউদ্দিন (বাহার) ও আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আঞ্জুম সুলতানাকে এক মঞ্চে দেখা গেছে। গত জাতীয় সংসদ নির্বাচনে বাহাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রবীণ নেতা আফজল খানের ছেলে ও মেয়র পদপ্রার্থী আঞ্জুম সুলতানার ভাই মাসুদ পারভেজ খান ইমরান। কুমিল্লা আওয়ামী লীগে ৩২ বছর ধরে আফজল-বাহাউদ্দিনের মধ্যে দ্বন্দ্ব চলছে। গতকালের আয়োজনে সেই বিভেদ দূর করে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী লড়াইয়ে নামার ডাক দিয়েছেন কেন্দ্রীয় নেতারা।
সামনে সিটি নির্বাচন। তাই দলের যেকোনো আলোচনায় নির্বাচন এবং দলীয় প্রার্থী আঞ্জুম সুলতানাই সামনে আসার কথা। কিন্তু গতকাল আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন সাংসদ বাহাউদ্দিন। কেন্দ্রীয় নেতারা আওয়ামী লীগের বিভেদ দূর করে শেখ হাসিনার মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন।
সভায় কাজী জাফর উল্যাহ জাতীয় রাজনীতির প্রেক্ষাপট তুলে ধরে বলেছেন, ষড়যন্ত্র এখনো চলছে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না।
পংকজ দেবনাথ বলেছেন, শেখ হাসিনার আওয়ামী লীগে কোনো বিভেদ চলবে না।
আঞ্জুম সুলতানা তাঁর বক্তৃতায় সাংসদ বাহাউদ্দিনকে ‘বাহার চাচা’ সম্বোধন করেন। একই সঙ্গে দোয়া চেয়েছেন।
সাংসদ বাহাউদ্দিন তাঁর বক্তৃতায় সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘শেখ হাসিনা ও আমার মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি করবেন না। ফেসবুকে অসত্য স্ট্যাটাস দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করবেন না।’
বিকেল চারটায় এই কর্মসূচি থাকলেও দুপুরের পর থেকে নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থীদের নেতৃত্বে কর্মীরা টাউন হল মাঠে জড়ো হন। তবে সভা হয় টাউন হলের ভেতরে।
এদিকে ওই আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। তিনি বলেন, এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। ওই সভায় দুজন সাংসদ উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দলের কুমিল্লা সিটি নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু-কিশোর দিবসের এই আয়োজনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়নি। কোনো প্রার্থীর পক্ষে ভোটও চাওয়া হয়নি।