ভোটের পর পরিবারগুলো অবরুদ্ধ
কুড়িগ্রামের রৌমারীর বেহুলার চরের সাড়ে তিন শ পরিবার ১৪ দিন ধরে অবরুদ্ধ। দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় জাল ভোট দেওয়ার প্রতিবাদ করায় স্থানীয় এক জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ-সমর্থকেরা তাঁদের অবরোধ করে রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
যাঁরা অবরোধ করে রেখেছেন তাঁরা এবারের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. জাকির হোসেনের সমর্থক বলে জানা গেছে। এমনকি ওই পরিবারগুলোকে হামলা ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে ওই চরের বাসিন্দারা অভিযোগ করেছেন।
ওই চরের বাসিন্দাদের অভিযোগ, উপজেলার শৌলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম ও আওয়ামী লীগ-সমর্থকদের ভয়ে বেহুলার চরের পরিবারগুলোর নারী, পুরুষ, শিশু, বৃদ্ধরা গ্রামের বাইরে যেতে পারছেন না। হামলার ভয়ে তাঁরা রাত জেগে পাহারা দিচ্ছেন। হাটবাজারে যেতে পারছেন না। রোগীদের হাসপাতালে নিতে পারছেন না। শিক্ষার্থীরাও কলেজ ও বিদ্যালয়ে যেতে পারছে না। চরের মানুষ যাঁরা রৌমারী বাজারে ব্যবসা করেন, তাঁদের ব্যবসা বন্ধ। বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না।
এলাকাবাসী জানান, শৌলমারী ইউনিয়নের বেহুলার চর, মোল্লার চর, ফকিরপাড়া ও কলমের চর—এই চারটি গ্রাম নিয়ে ৩ নম্বর ওয়ার্ড। তবে সীমান্তসংলগ্ন বেহুলার চরটির পূর্ব পাশে ভারতের আসামের ঝাউডাঙ্গা গ্রাম। উত্তরে দাঁতভাঙ্গা ইউনিয়ন। দক্ষিণ-পশ্চিমে রৌমারী বাজার। এই চর থেকে একটি মাত্র সড়ক পশ্চিমে ফকিরপাড়ার ওপর দিয়ে রৌমারী বাজারে গেছে। রৌমারী যাওয়ার বিকল্প কোনো সড়ক নেই। আশপাশে কোনো হাটবাজারও নেই। কিন্তু ৫ জানুয়ারির নির্বাচনের পর ফকিরপাড়ার ওপর দিয়ে জাকির হোসেনের সমর্থকেরা রৌমারী বাজারে আসতে না দেওয়ায় তাঁরা অবরুদ্ধ হয়ে পড়েছেন।
এবারের নির্বাচনে ওই চার গ্রামের লোকজন বেহুলার চর দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন। এখানে ৮৫০টি ভোট পড়ে। এর মধ্যে জাপার (মঞ্জু) প্রার্থী রুহুল আমীন (সাইকেল) ৬৫৩ এবং আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেন (নৌকা) ১৮৩টি ভোট পান।
বেহুলার চরের বাসিন্দা আলিফ উদ্দিন, ইমান আলী, আফসার আলী, মোহাম্মদ আলীসহ অনেকে অভিযোগ করেন, ভোট শেষ হওয়ার পর ইউপি সদস্য নুরুল ও আওয়ামী লীগ-সমর্থক কাশেম মাস্টারের নেতৃত্বে একটি দল ওই কেন্দ্রে জাল ভোট দিতে আসে। কিন্তু তাঁরা বাধা দেন। এ সময় সংঘর্ষে ২০ জন আহত হন। এর পর থেকে তাঁদের (আওয়ামী লীগ-সমর্থক) হামলা ও হত্যার হুমকির ভয়ে তাঁরা এই চরেই অবরুদ্ধ রয়েছেন।
গত শুক্রবার সরেজমিনে বেহুলার চরে গেলে শতাধিক নারী-পুরুষ-শিশু এই প্রতিবেদককে ঘিরে ধরেন। এ সময় চরের বাসিন্দা সেলিম, সাইদুর, মেনাজ জানান, ভোটের দিন সাংসদ জাকিরের লোকজন জাল ভোট দিতে আসেন। কিন্তু তাঁরা বাধা দেওয়ায় ১৪ দিন ধরে চরের বাইরে যেতে পারছেন না। জমিতে সরিষা পেকে আছে, কাটতে পারছেন না। বাজারে ধান-চাল বিক্রি করতে পারছেন না। হামলার ভয়ে রাত জেগে পাহারা দিতে হচ্ছে।
ওই চরের আবু বক্কর নামের এক দিনমজুর বলেন, ‘আমার পোলাডার খুব অসুখ। তাগরে ভয়ে হাসপাতালে ডাক্তারের কাছে নিয়া যাইতে পারতাছি না।’
অভিযোগ অস্বীকার করে জনপ্রতিনিধি নুরুল ইসলাম বলেন, ‘ছোট পোলাপানের মধ্যে ঝগড়ার জন্য বেহুলার মানুষ আমাদের গ্রামের মুরব্বিদের মারধর করে। তারা আমারসহ নয়জনের মাথা থেঁতলে দেয়। উল্টো আমাগের বিরুদ্ধে বলে অবরুদ্ধ করছি।’
ফকিরপাড়ার শিক্ষক মোসলেম উদ্দিন বলেন, ‘তারা কেন আসে না, কিসের ভয়। তাদের জিগান।’
জাপার প্রার্থী রুহুল আমিন জানান, ওই চরের মানুষ নৌকায় ভোট না দেওয়ার তাঁদের অবরোধ করে রাখা হয়েছে। প্রশাসনকে জানালেও তারা ব্যবস্থা নেয়নি।
তবে আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেন বলেন, ‘ফকিরপাড়ার মানুষ ওই কেন্দ্রে ভোট চুরি করতে যায়নি। তবু আমাদের মুরব্বিদের মারধর করেছে তারা। আমি দোষীদের শাস্তি চাই।’
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ‘এত দিন ভোট নিয়ে ব্যস্ত ছিলাম। এখন বিষয়টি দেখব।’
ইউএনও মো. আবদুল হান্নান জানান, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অন্যায় করে কেউ পার পাবে না।