ভোটের পরের দিন থেকেই ফেরি উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ঠিক আগের দিনের কথা। সবাইকে অবাক করে দিয়ে সেদিন হঠার‌্যা করেই নারায়ণগঞ্জ শহর ও বন্দর উপজেলার মধ্যে যাতায়াতের সুবিধার্থে শীতলক্ষ্যা নদীতে ফেরি সার্ভিস চালু করা হয়। শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রেলস্টেশন-সংলগ্ন বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের ভিআইপি জেটি থেকে ওই ফেরি সার্ভিসে কোনো যানবাহন নয়, পারাপার করা হচ্ছিল মানুষ। তবে তা স্থায়ী হয়েছে শুধু দুই দিন। ভোটের পরদিন থেকেই ফেরি উধাও।বন্দর উপজেলার ঘারমোড়া এলাকার বাসিন্দা আবদুস সোবহান ও আলী আকবর জানান, শীতলক্ষ্যা নদীর বন্দর খেয়াঘাটে ফেরি সার্ভিস চালু বন্দরবাসীর দীর্ঘদিনের দাবি। বিগত সংসদ নির্বাচনের আগে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের বর্তমান সাংসদ নাসিম ওসমান ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি নির্বাচিত হলে শীতলক্ষ্যা নদীতে সেতু নির্মাণ করবেন। এ ছাড়া সেতু নির্মাণের আগে সেখানে ফেরি সার্ভিস চালু করারও প্রতিশ্রুতি দেন তখন। গত আড়াই বছরে সেতু নির্মাণের কোনো উদ্যোগ দেখা যায়নি। তবে চলতি বছরের মার্চ মাসে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে একটি অনুষ্ঠানে এনে দ্রুত ফেরি সার্ভিস চালুর ঘোষণা দেওয়া হয়েছিল। তবে ওই ঘোষণা পর্যন্তই শেষ। এর মধ্যে এসে যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। মেয়র পদে প্রার্থী হন সাংসদ নাসিম ওসমানের ভাই শামীম ওসমান। তিনি ভোটারদের প্রতিশ্রুতি দেন, নির্বাচন অনুষ্ঠানের আগেই তাঁর বড় ভাই নাসিম ওসমান ফেরি সার্ভিস চালুর ব্যবস্থা করে দেবেন। এ জন্য তড়িঘড়ি করে তৈরি করা হয় ফেরি চলাচলের অভিগমন রাস্তা (অ্যাপ্রোচ রোড)। নির্বাচনের আগের দিন শনিবার সকালে বন্দর খেয়াঘাটে ফেরি সার্ভিস চালু করা হয়। নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের দিন ওই ফেরিতে শুধু মানুষ পারাপার করা হয়েছে। কিন্তু নির্বাচনে শামীম ওসমান পরাজিত হওয়ার পরদিন থেকে ঘাটে আর ফেরি দেখা যাচ্ছে না।এলাকাবাসীর মতে, শুধু নির্বাচনী বৈতরণী পার হওয়ার লক্ষ্যে লোকদেখানো ওই ফেরি সার্ভিস চালু করা হয়েছিল।সড়ক ও জনপথ অধিদপ্তরের নারায়ণগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলী তুষার কান্তি সাহা বলেন, ফেরি সার্ভিস চালুর ব্যাপারে তিনি কিছু জানেন না। সওজের প্রধান কার্যালয় থেকে একটি ফেরি পাঠানো হয়েছিল। পরে আবার ফেরত নেওয়া হয়েছে। বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের ঊর্ধ্বতন উপপরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘ফেরি বিআইডব্লিউটিএর তত্ত্বাবধানে চলাচলের কথা। আমরা অফিশিয়ালি এ বিষয়ে কিছু জানি না।’ এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য শামীম ওসমান ও নাসিম ওসমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়।