ভোটের প্রসঙ্গ ছাপিয়ে আলোচনায় 'আপিল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। এ ঘটনায় ভোট ছাপিয়ে সবার দৃষ্টি এখন আপিলের রায়ের দিকে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ৫ ডিসেম্বর বিএনপির মেয়র প্রার্থী সারোয়ারুল আবেদীনের মনোনয়নপত্র বাতিল করেন ছেংগারচর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মফিজুল ইসলাম। অসম্পূর্ণ মনোনয়নপত্র দাখিল, মনোনয়নপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়া ও শিক্ষাগত যোগ্যতায় গরমিল থাকার অভিযোগে ওই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে চাঁদপুর জেলা প্রশাসক ও আপিল কর্মকর্তার কাছে ওই প্রার্থী ১০ ডিসেম্বর আপিল করেন। জেলা প্রশাসক তাঁর আপিল খারিজ করে দেন। পরে ১৩ ডিসেম্বর তিনি মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। হাইকোর্টের একটি যৌথ বেঞ্চ ওই দিনই তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রায় দেন।
সূত্র জানায়, আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও ছেংগারচর পৌরসভার বর্তমান মেয়র রফিকুল ইসলাম উচ্চ আদালতের ওই রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে ১৫ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন। রফিকুল ইসলাম বলেন, ২২ ডিসেম্বর তাঁর আপিলের শুনানি হবে। বিএনপির মেয়র প্রার্থী সারোয়ারুল আবেদীন বলেন, তিনি প্রচারণার চেয়ে এখন আপিল নিয়েই বেশি ভাবছেন।
ছেংগারচর পৌরসভার ১ ও ৩ নম্বরসহ আরও দু-তিনটি ওয়ার্ডে গিয়ে দেখা যায়, মেয়র প্রার্থীদের তেমন প্রচারণা নেই। আওয়ামী লীগের মেয়র প্রার্থীর কিছু পোস্টার চোখে পড়লেও বিএনপি প্রার্থীর প্রচারণার কোনো নমুনা চোখে পড়েনি।
১ নম্বর ওয়ার্ডের চার-পাঁচজন ও ৩ নম্বর ওয়ার্ডের পাঁচ-ছয়জন বাসিন্দা বলেন, বিএনপির মেয়র প্রার্থীর মনোনয়নপত্রের বৈধতা নিয়ে দুই পক্ষের লড়াই বেশ জমে উঠেছে। দুই মেয়র প্রার্থী, তাঁদের নেতা-কর্মী ও ভোটারদের মধ্যে ভোট নিয়ে তেমন আলোচনা নেই। আপিলের রায় কী হবে—এ নিয়েই সবার আগ্রহ।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা আওয়ামী লীগের এক নেতা ও উপজেলা বিএনপির আরেক নেতা প্রথম আলোকে বলেন, তাঁদের সবার মনোযোগ আপিলের রায়ের দিকে। এরপর ভোট নিয়ে ভাবা যাবে।