ভোটের ফল ঘোষণা কেন্দ্র পরিবর্তনের দাবি আমীর খসরুর
নির্বাচনী ফলাফল ঘোষণা কেন্দ্র পরিবর্তনের দাবি জানিয়েছেন চট্টগ্রামে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল মঙ্গলবার বিকেলে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে লিখিতভাবে এ দাবি জানান। এ সময় তিনি অভিযোগ করেন, প্রতি ওয়ার্ডে বিএনপির নেতাদের ঘরে ঘরে গিয়ে পুলিশ হয়রানি করছে।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) জিমনেসিয়াম থেকে নির্বাচন কমিশন ভোটের ফল ঘোষণা করা হয়। এবারও সেখান থেকে ফল ঘোষণার প্রস্তুতি নিয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। কিন্তু আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন সিজেকেএস সাধারণ সম্পাদক হওয়ায় সেখান থেকে ফল ঘোষণা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও বাস্তবসম্মত হবে না বলে মনে করছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। জিমনেসিয়ামের পরিবর্তে ফল ঘোষণার জন্য তিনটি বিকল্প জায়গার প্রস্তাব করেছেন তিনি। এগুলো হলো চট্টগ্রাম সার্কিট হাউস, পাঁচলাইশ জাতিসংঘ পার্কে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্মিত জিমনেসিয়াম ও দামপাড়া জমিয়াতুল ফালাহ মসজিদের নিচতলার উন্মুক্ত জায়গা। এই তিনটি স্থান ভোটের ফল ঘোষণার জন্য সুবিধাজনক হবে বলে আমীর খসরু রিটার্নিং কর্মকর্তাকে জানান।
রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন প্রস্তাবিত এসব স্থান পরিদর্শন করবেন বলে আমীর খসরুকে জানান। তিনি বলেন, আমাদের স্থান পরিবর্তনের এখনো সুযোগ আছে। তবে এ ক্ষেত্রে নিরাপত্তা, প্রার্থী-ভোটারদের যাতায়াত, মালামাল সংরক্ষণের ব্যবস্থার বিষয়টি বিবেচনা করতে হবে। প্রাথমিকভাবে সিজেকেএস জিমনেসিয়ামকে পছন্দ করা হয়েছিল। প্রস্তাবিত স্থানগুলোও দেখব। ২২ এপ্রিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক হবে। সেখানে সবার মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সবার জন্য ভালো এমন স্থানই নির্ধারণ করা হবে।
আ জ ম নাছির সিজেকেএস কার্যালয় থেকে নির্বাচনী প্রচার কার্যক্রম পরিচালনা করছেন বলেও আমীর খসরু মাহমুদ অভিযোগ করেন। তিনি বলেন, প্রতিবার সিজেকেএস জিমনেসিয়াম থেকে ফল ঘোষণা করা হলেও এবারের প্রেক্ষাপট ও পরিস্থিতি এক নয়। আ জ ম নাছির উদ্দিন সিজেকেএসের সাধারণ সম্পাদক। সেখানকার বেশির ভাগ কর্মী তাঁর অনুগত। স্টেডিয়াম পাড়ার বিভিন্ন রেস্তোরাঁ, দোকানও মেয়র প্রার্থীর কর্মী কিংবা একান্ত অনুগতদের। আমীর খসরুর সঙ্গে বিএনপির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান, পতেঙ্গা থানা বিএনপির সভাপতি এম এ আজিজ, ডবলমুরিং থানা বিএনপির সভাপতি সাইফুল আলম উপস্থিত ছিলেন।