ভোটের মাঠে স্ত্রী-সন্তানেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনামুল হকের স্ত্রী তহুরা হকের প্রচারণা। গতকাল বাগমারার বাসুপাড়ায়।  প্রথম আলো
এনামুল হকের স্ত্রী তহুরা হকের প্রচারণা। গতকাল বাগমারার বাসুপাড়ায়। প্রথম আলো

রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী এনামুল হকের প্রচারণায় নেমেছেন স্ত্রী ও সন্তানেরা। তাঁরা আলাদাভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। স্ত্রী তহুরা হক এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বড় মেয়ে ফারহানা হক রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ব্যারিস্টারি পড়ছেন, মেজ ছেলে এহতেশামুল হক কলেজে ও ছোট ছেলে তাজদিদ স্কুলের শিক্ষার্থী। পরীক্ষা সেরেই নির্বাচন উপলক্ষে এলাকায় এসে প্রচারণা শুরু করেছেন। তাঁরা ঢাকায় থাকেন। তাঁদের এই প্রচারণায় নতুন মাত্রা যোগ হয়েছে।

সাংসদের পারিবারিক সূত্রে জানা যায়, এক সপ্তাহ ধরে এনামুল হকের সন্তানেরা প্রচারণা শুরু করেছেন। এর আগে তাঁর স্ত্রী তহুরা হক প্রচারণা শুরু করেন। তিনি নেতা-কর্মীদের নিয়ে আলাদাভাবে প্রচারণা চালান। বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ছাড়াও পথসভায় বক্তব্য দেন। সকাল থেকে রাত পর্যন্ত তিনি প্রচারণা চালান। বিশেষ করে,তিনি নারীদের উন্নয়নে স্বামীর পক্ষে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।

সাংসদপত্নী তহুরা হক বলেন, ‘এনামুল হক এর আগে নির্বাচন করলেও আগে তাঁর পক্ষে প্রচারণায় মাঠে নামিনি, এবারই প্রথম প্রচারণায় মাঠে নেমেছি। মাঠে নেমে জনগণের সঙ্গে মিশে ভালো লাগছে। ভোটাররা তাঁকে যেভাবে গ্রহণ করছেন, তাতে নৌকার বিজয় সময়ের ব্যাপার মাত্র।’

অপরদিকে ছয় দিন ধরে বাবার হয়ে মাঠে নেমেছেন সন্তানেরা। তাঁদের সঙ্গে দলীয় কোনো নেতা-কর্মী থাকছেন না। শুধু আত্মীয়স্বজন সঙ্গে নিয়ে নির্বাচনী মাঠে ঘুরছেন। সাংসদের বড় মেয়ে ফারহানা হকের ভাষ্য, ‘বাবাকে বিজয়ী এবং এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য প্রচারণা চালাচ্ছি।’

এনামুল হকের নির্বাচন পরিচালনার সমন্বয়ক এনা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, সাংসদের স্ত্রী ও ছেলেমেয়েরা প্রচারণায় মাঠে নামায় নতুন মাত্রা যোগ হয়েছে।