ভোটের মুলুকে গরুর মিছিল

যাচ্ছিলাম ভোটের প্রস্তুতি দেখতে। ভেবেছিলাম, ভোটভিক্ষার বা ভোট বর্জনের কোনো না কোনো মিছিল দেখা যাবে। হাতে তো আর ১০ দিনও সময় নেই। সব ভাবনা যে বাস্তবের সঙ্গে মেলে না, এই বাস্তবতার জ্ঞান লাভ হলো চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের দুটি উপজেলা ঘুরে। তবে এই হাড়কাঁপানো শীতে মোটরসাইকেলে করে এক শ কিলোমিটারের মতো চষে বেড়ানোর ক্লেশ যে একেবারে বিফলে গেল, তা-ও নয়। প্রাপ্তিযোগ আছে। ভোটের মিছিল দেখা না গেলেও দৃষ্টি সার্থক হলো বিশাল এক গরুর মিছিল দেখে।
এবার জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের মধ্যে কেবল চাঁপাইনবাবগঞ্জ-২ আসনেই নির্বাচন হচ্ছে। গোমস্তাপুর, রহনপুর ও নাচোল—এই তিনটি উপজেলা নিয়ে নির্বাচনী এলাকা। ভোটার দুই লাখ ৪৪ হাজার। প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনজন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রহনপুর পৌরসভার বর্তমান মেয়র গোলাম মোস্তফা বিশ্বাস। দলের প্রতীক নৌকা পেয়েছেন তিনি। স্বতন্ত্র প্রার্থী গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. খুরশিদ আলম নির্বাচন করছেন আনারস প্রতীকে। এর জন্য তাঁকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে হয়েছে। তৃতীয়জন বিএনএফ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলাউদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন টেলিভিশন মার্কা নিয়ে।
গত বুধবার চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে রওনা দিয়ে প্রায় ৩৭ কিলোমিটার দূরে গোমস্তাপুর ও রহনপুর এলাকা ঘুরে দেখেছি। কথা বলেছি ভোটপ্রার্থী, ভোটার ও ভোট বর্জন করে প্রতিরোধের অবস্থানে থাকা বিএনপির নেতাদের সঙ্গে। কিন্তু নির্বাচনের আমেজ নেই। নির্বাচনী পোস্টার দেখার শখ থাকলে যেতে হবে বাজার, পথের তেমাথা বা চৌমাথায়, নয়তো উপজেলা, পৌর বা ইউপি সদরে। দেখা যাবে পথের ওপর দড়িতে ঝোলানো সাদাকালো গুটিকয় পোস্টার পলিথিনে মোড়ানো। নৌকা ও আনারসের উপস্থিতি চোখে পড়লেও টেলিভিশন দেখা যায়নি।
রহনপুরের বাড়িতে গোলাম মোস্তফা বিশ্বাস প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, সুষ্ঠুভাবে নির্বাচন হবে এবং তিনি বিপুল ভোটে জিতে যাবেন। তাঁর মতে, শতকরা ৫০ ভাগ ভোটার যাবেন ভোট দিতে। আওয়ামী লীগের ভোটই আছে শতকরা ৪৬ ভাগ।
গোলাম মোস্তফা ভোটারদের বোঝাচ্ছেন, পৌরসভার মেয়র হিসেবে জনসেবাই হোক আর উন্নয়নই হোক, খুব বেশি কিছু করা যায় না। সাংসদ নির্বাচিত হলে তিনি এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করবেন। পানীয় জলের সমস্যা আছে, তা মেটাবেন ইত্যাদি।
আগের সাংসদও তো এসব কিছু করেননি—এমন প্রশ্নে গোলাম মোস্তফা বললেন, কিছু করেছেন, কিছু বাকি আছে। জানালেন, অচিরেই জোরেশোরে মাঠে নামবেন। মিছিল, জনসভা—সবই হবে।
সুদূর ফিনল্যান্ড থেকে ‘এমপি’ হওয়ার বাসনা নিয়ে এসেছেন মু. খুরশিদ আলম। তিনি নিজেই তা জানালেন। গোমস্তাপুরের চৌডালা গ্রামের তাঁর বাড়িতেই কথা হলো। সাংসদ হওয়ার জন্য তাঁর ত্যাগ অনেক। ফিনল্যান্ডের নাগরিকত্ব, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ, পরিবারের সঙ্গ—সব জলাঞ্জলি দিয়েছেন। উদ্দেশ্য, ওই ‘জনসেবা’।
খুরশিদ আলম ১৯৮৯ সালে ফিনল্যান্ডে যান। পরিবার সেখানেই আছে। সাংসদ হওয়ার জন্য ২০০০ সালে দেশে ফিরে সেই থেকে চেষ্টা অব্যাহত রেখেছেন। প্রথম চেষ্টা ২০০১ সালে। বিএনপিতে ছিলেন। দলের মনোনয়ন পাননি। ২০০৯ সালে স্বতন্ত্রভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ভোটে দাঁড়িয়ে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের হারিয়ে দিয়েছেন। এবার তাঁরই আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার কথা চাউর ছিল এলাকায়। শেষে দাবার ছক পাল্টে যায়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ আসলে তাঁর ভাষায় ‘ঠুঁটো জগন্নাথ’। এ পদে থেকে কিছু করার নেই। ফিনল্যান্ড থেকে তিনি যে অভিজ্ঞতা নিয়ে এসেছেন, তা কাজে লাগাতে হলে সাংসদ হওয়া চাই। তিনি শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সহজে স্বল্প খরচে বিদেশে জনশক্তি রপ্তানির ব্যবস্থা করতে চান।
খুরশিদ জানালেন, ভোটে তাঁরই জিত হবে। কারণ, তাঁর ৪৫ হাজারের মতো ‘সলিড’ ভোট আছে। তাঁরও ধারণা, শতকরা ৫০ ভাগ ভোট পড়বে। তিনি ভোটারদের বোঝাচ্ছেন, ভোট বর্জন করে কোনো লাভ নেই। আওয়ামী লীগ এরই মধ্যে ১৫৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে সরকার গঠন করতে যাচ্ছে। কাজেই প্রতীক দেখে ভোট দিয়ে লাভ নেই। তার বদলে প্রার্থী দেখে যে যোগ্য, তাঁকেই ভোট দেওয়া উচিত।
তবে এবারই খুরশিদ আলমের শেষ চেষ্টা। বললেন, ‘এটাই আমার ফাইনাল খেলা।’
অন্য প্রার্থী মোহাম্মদ আলাউদ্দিনকে পাওয়া গেল না। মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।
কথা হচ্ছিল রহনপুরের কলেজ মোড়ের মুদিখানা বর্ষা স্টোরের মালিক নাজমুল হুদার সঙ্গে। তিনি বললেন, ‘এই ভোট তো আর সে রকম ভোট না। গেলেও হয়, আবার না গেলেও চলে। পরিস্থিতি শান্ত থাকলে ভোট দিতে যেতেও পারি।’ ভোটারদের সঙ্গে কথা বলে সবার মধ্যেই এই গা ছাড়া ভাব দেখা গেছে।
একই অবস্থা বিরোধী দলেরও। গোমস্তাপুর উপজেলা বিএনপির সভাপতি বায়রুল ইসলাম বললেন,‘ এখানে তো হচ্ছে পাতানো নির্বাচন। তবু আমরা ভোটারদের বলছি ভোট দিতে না যেতে।’
কম হোক বেশি হোক, পোস্টার তবু কিছু চোখে পড়ল। কিন্তু ভোটের এলাকায় এসে যদি মিছিলেরই দেখা না মেলে, তবে বড় বেখাপ্পা লাগে। শুরুতেই বলেছিলাম, সেই অন্য রকম এক মিছিল দেখার কথা। মহানন্দা নদীর কিনার ঘেঁষে গেছে গোমস্তাপুরে যাওয়ার পাকা রাস্তা। হোগলা বলে একটি জায়গায় এসে আটকে যেতে হলো। সামনের পুরো রাজপথজুড়ে চলছে বিশাল এক গরুর পাল। শত শত। একেবারে পেছনের সারিতে রয়েছে কয়েক ডজন বাছুর। পালের পেছনে, মাঝে, পাশে, সামনে বাঁশের কঞ্চি হাতে নিয়ে বেশ কয়েকজন রাখাল এই বিশাল পাল তাড়িয়ে নিয়ে যাচ্ছে চড়াতে। বেশ খানিকটা পথ তাদের অনুসরণ করার পর সামনে একটা প্রশস্ত জায়গা পাওয়ায় পালটিকে পাশ কাটানোর সুযোগ হলো।
এক রাখাল জানালেন, পালে আছে দুই শর বেশি গরু। ওয়েস্টার্ন বইতে ‘ক্যাটলড্রাইভের’ বর্ণনা পড়েছি। বাস্তবে চোখে দেখিনি। পালের সামনে হূষ্টপুষ্ট কয়েকটি ষাঁড় রাজসিক চালে রাজপথ বেয়ে দলটিকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিচ্ছে। মনে হলো, যাক, অন্তত দৃষ্টি ও শ্রম সার্থক হলো রাজপথে এই গৃহপালিত চতুষ্পদের মিছিল দেখে।