ভোটের রাজনীতির কাছে দেশ নদী কিছুই গুরুত্ব পাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সঙ্গে তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে রোডমার্চের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার নীলফামারীর জলঢাকা ও রংপুরে সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ। জোট-মহাজোটের ভোটের রাজনীতির কাছে দেশ, জনগণ, নদী, পরিবেশ—কিছুই গুরুত্ব পাচ্ছে না বলে সমাবেশে অভিযোগ করেছেন বক্তারা।

বাসদের রাজশাহী ও রংপুর বিভাগের উদ্যোগে গত বুধবার বগুড়া থেকে রোডমার্চ শুরু হয়। গতকালই সন্ধ্যায় ডালিয়া তিস্তা ব্যারাজ অতিক্রম করে লালমনিরহাটের সাধুর বাজারে রোডমার্চটি শেষ হওয়ার কথা ছিল।

রোডমার্চ গতকাল বৃহস্পতিবার বিকেলে জলঢাকা উপজেলা শহরের জিরো পয়েন্টে পৌঁছালে সেখানে সমাবেশ করা হয়। বাসদের রংপুর বিভাগীয় আহ্বায়ক আবদুল কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ, জাহিদুল হক, রাজেকুজ্জামান রতন, নিখিল চন্দ্র, আব্দুল মুমিন প্রমুখ। তাঁরা বলেন, ভারতীয় আগ্রাসী তৎপরতা ও সরকারের ভ্রান্তনীতি ও দখল-দূষণে তিস্তা নদীর পানি ১ হাজার ২০০ কিউসেক থেকে ২৩০ কিউসেকে নেমে এসেছে। তিস্তাসহ অভিন্ন নদীগুলোর ওপর ভারত নিয়মবহির্ভূতভাবে বাঁধ নির্মাণ করছে বলেও অভিযোগ করেন তাঁরা।

এর আগে গতকাল সকালে রোডমার্চ থেকে রংপুরে সমাবেশ করা হয়। রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত সমাবেশে বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্যরা ছাড়াও বক্তব্য দেন নওগাঁ জেলা বাসদের আহ্বায়ক জয়নাল আবেদীন, বগুড়া জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, বারবার দাবি জানানো সত্ত্বেও ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তাসহ বিভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে কোনো উদ্যোগী ভূমিকা নেওয়া হচ্ছে না।