ভোটের শুরুতেই ফলাফলে এজেন্টদের স্বাক্ষর আদায়?
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গাজিরচর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ভোট শুরুর আগেই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ছরোয়ার আলমের (আনারস) সমর্থকেরা নিয়ন্ত্রণে নিয়ে নেন।
ভোট শুরুর কিছু সময় পর প্রিসাইডিং কর্মকর্তা ফলাফলের ফরমে পুলিং এজেন্টদের স্বাক্ষর নেন। এরপর ছরোয়ার আলমের সমর্থেকরা কক্ষে ঢুকে বিএনপি-সমর্থিত কাইয়ুম খানের (কাপ-পিরিচ) এজেন্টদের বের করে দেন। ভোট শেষ হওয়া পর্যন্ত কেন্দ্রটি ছিল আনারস প্রতীকের সমর্থকদের নিয়ন্ত্রণে।
বেলা সোয়া দু্ইটার দিকে ওই কেন্দ্রে গিয়ে কাইয়ুম খানের কোনো এজেন্টকে পাওয়া যায়নি। প্রিসাইডিং কর্মকর্তা মো. আলী ফলাফলের ফরমটি হাতে নিয়ে নিজের কক্ষে বসেছিলেন। তিনি বলেন, ‘আসলে বিদ্যুৎ না থাকলে কেন্দ্র অন্ধকার হয়ে যাবে—এই ভাবনা থেকে আগেভাগে পুলিং এজেন্টদের স্বাক্ষর নিয়ে ফেলি। আলোর কোনো ব্যবস্থা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘যেকোনো সময় কেন্দ্র দখল হয়ে যেতে পারে, তখন কে কোথায় যায় কে জানে। এমন ধারণা থেকে আমি আগেই স্বাক্ষর আদায় করে রাখি।’
কাইয়ুম খানের সমর্থকেরা অভিযোগ করে বলেন, আসলে ক্ষমতাসীন দলের নেতাদের চাপে ওই কর্মকর্তা ফলাফলের ফরমে আগেই স্বাক্ষর নিয়ে রেখেছেন। যাতে পরে যা খুশি তাই করা যায়।’ বেলা ১১টার দিকে দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, স্থানীয় সাংসদ আফজাল হোসেনের ফুফাতো ভাই দিলালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজবাহ উদ্দিন আহমেদ কেন্দ্র পরিদর্শন করছেন। নারীদের বুথে গিয়ে দীর্ঘ সময় তাঁকে অবস্থান করতে দেখা গেছে। বিষয়টি প্রিসাইডিং কর্মকর্তা নজরুল ইসলামের নজরে আনলে তিনিও অসহায় ভাব করেন। ভোটকেন্দ্রে অবস্থান করার বিষয়ে জানতে চাইলে মিজবাহ উদ্দিন বলেন, ‘আমার কোনো দল নেই। আমি সবার নেতা। ওই দিক থেকে ভাবলে কেন্দ্রে যাওয়া আমার অন্যায় হয়নি।’
বেলা দেড়টার দিকে শশেরদীঘি কেন্দ্রটিতে গিয়ে দেখা গেছে, সেখানকার কোনো বুথেই কাইয়ুম খানের এজেন্ট নেই। ২০ নম্বর বলিয়ারদি সরকারি প্রাথমিক কেন্দ্রে গিয়ে দেখা গেছে, আনারস প্রতীকের বেশ কয়েকজন সমর্থক ব্যাজ ধারণ করে বারান্দায় পায়চারি করছেন।
দুপুর ১২টা ১০ মিনিটে বাজিতপুর গোলকচন্দ্র কেন্দ্রে আনারস প্রতীকের এক সমর্থককে জাল ভোট দিতে বাধা দেওয়ায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এই কারণে প্রায় ২০ মিনিট ভোট গ্রহণ বন্ধ থাকে।
বেলা পৌনে একটার দিকে মালেকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিতে গিয়ে আনারস প্রতীকের ১০ থেকে ১২ জন সমর্থককে কেন্দ্রের ভেতরে অবস্থান করে থাকতে দেখা যায়। জিয়া উদ্দিন আহমেদ নামের এক ব্যক্তি আনারস প্রতীকের ব্যাজ ধারণ করে বুথে গিয়ে ভোটারদের ভোট দিতে সাহায্য করছিলেন। জানতে চাইলে তিনি বলেন, ‘কীভাবে ভোট দিতে হয়, অনেকে তা জানে না। এই কারণে ভোটারদের সেবা দিচ্ছিলাম।’ পরে তিনি কেন্দ্র ত্যাগ করেন।
ওই কেন্দ্রের একটি বুথে মুকুল মিয়া নামের আনারস প্রতীকের এক সমর্থক ভুয়া পুলিং এজেন্ট সেজে অবস্থান করছিলেন। তাঁর পরিচয়পত্র দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি। কিছুক্ষণ পর তিনি সটকে পড়েন।
বেলা আড়াইটার দিকে পৌর মেয়র এহসান কুফিয়ার বাসভবনে বিএনপির পক্ষ থেকে সংবাদ সমেঞ্চলন করা হয়। সেখানে বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান অভিযোগ করেন, সাংসদ আফজাল হোসেন প্রশাসনকে কাজে লাগিয়ে সব কেন্দ্রে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ভোট ডাকাতি করেছেন। পৌর মেয়র বিএনপির নেতা এহসান কুফিয়া বলেন, ‘আমরা যদি বিজয়ী হই, তার পরও বলব, এই নির্বাচন সঞ্চরণকালের সেরা বাজে নির্বাচন হয়েছে।’
অভিযোগ অস্বীকার করে সাংসদ আফজাল হোসেন বলেন, হুমায়ুনপুর এবং হিলোচিয়া ইউনিয়নের অধিকাংশ কেন্দ্র ছিল বিএনপির দখলে। সেখানে তারা যা খুশি তাই করেছে।