ভোটের সরঞ্জাম ছিনতাই, সংঘর্ষে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতওয়া ইউনিয়নের দুটি কেন্দ্রে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় পাঁচজন আহত হয়েছে। একটি কেন্দ্র থেকে ভোটের সব সরঞ্জাম ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ওই কেন্দ্রে ভোট স্থগিত ও আরেক কেন্দ্রে ভোট বন্ধ রয়েছে।

আজ শনিবার সকালে এসব ঘটনা ঘটে। আহত পাঁচজনের নাম জানা যায়নি। তাঁদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সকাল সাড়ে আটটার দিকে শিশুয়া বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। এ সময় কেন্দ্র থেকে ভোটের সব সরঞ্জাম ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ওই কেন্দ্রে ভোট স্থগিত রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগ প্রার্থী সাইফুন্নাহারের সমর্থকেরা ব্যালট পেপারে সিল মারে। এ সময় সংরক্ষিত আসনের আওয়ামী লীগের আরেক প্রার্থী কোহিনুর বেগমের সমর্থকেরা বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর মধ্যেই কয়েকজন ব্যালট পেপার ও ব্যালট বাক্সসহ নির্বাচনের সব সরঞ্জাম ছিনিয়ে নিয়ে যায়।

প্রিসাইডিং কর্মকর্তা শাহেদ আলী বলেন, ভোটের কোনো সরঞ্জাম কেন্দ্রে নেই। তাই ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কাশেমের ভাষ্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ ২৭ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে।

এদিকে শিশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভেতরে আওয়ামী লীগের প্রার্থী আবু তাহের ও বিএনপির প্রার্থী আব্দুল হাইয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। প্রিসাইডিং কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ওই কেন্দ্রে ভোট সাময়িক বন্ধ রয়েছে।