ভোমরা ও বেনাপোল বন্দর হয়ে মাদক আসে খুলনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত থেকে সাতক্ষীরার ভোমরা ও যশোরের বেনাপোল বন্দর হয়ে মাদক আসে খুলনায়। নাম প্রকাশ না করার শর্তে নগরের একাধিক মাদক ব্যবসায়ী এ তথ্য দিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে নগরের বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী বলেন, ভোমরা বন্দর থেকে পিকআপে করে মাছ, মিষ্টি কুমড়া ও ডাবের ভেতরে বহন করে মাদক খুলনায় নিয়ে আসা হয়। অন্যদিকে, বেনাপোল বন্দর থেকে খুলনা-বেনাপোল সড়ক দিয়ে বিভিন্ন যানবাহনে করে ছোট ছোট বস্তায় নানা পণ্যের ভেতর লুকিয়ে মাদক খুলনায় পৌঁছায়। ভারত থেকে আসা এসব মাদকের বেশির ভাগই ফেনসিডিল। তবে হেরোইন ও গাঁজাও আনা হয়। ভোমরা ও বেনাপোল বন্দরে বাংলাদেশের এজেন্টদের কাছ থেকে ৩৫০-৪০০ টাকায় এক বোতল ফেনসিডিল কেনা হয়। খুলনায় আসার পর নগরের খুচরা মাদক ব্যবসায়ীরা তা ৬৫০ থেকে ৭০০ টাকায় বিক্রি করেন। প্রতি গ্রাম হেরোইন ৪০০ টাকায় কিনে ৮০০ টাকায় এবং এক রোল গাঁজা ৫০ টাকায় কিনে ১০০ টাকায় বিক্রি করা হয়। মাদক ব্যবসায়ীরা জানান, নগরের সরকারি আজম খান কমার্স কলেজের পেছনে, সুন্দরবন কলেজের পাশে টিবি ক্রস রোডে, রূপসা সেতুর নিচে, পিটিআই মোড়ের ড্রেন রোডে, গল্লামারী, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা, টুটপাড়া ফরিদ মোল্লার মোড়, নতুন বাজার, খুলনা রেল স্টেশনের পাশে, খুলনা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকা ও বিআইডব্লিউটিএর ঘাট এলাকায় এসব মাদক বিক্রি করা হয়।রেল স্টেশন এলাকার মাদক বিক্রেতা মো. মাসুম বলেন, প্রতিদিন তিনি ১০০ থেকে ১৫০ বোতল ফেনসিডিল বিক্রি করেন। তবে কোনো কোনো দিন পুলিশের অভিযানের কারণে বিক্রি কম হয়।খুলনা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, মাদক নির্মূলে খুলনায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। গত জানুয়ারি থেকে মে পর্যন্ত অধিদপ্তরের ৭৪০টি অভিযান পরিচালিত হয়েছে। নিয়মিত মামলা হয়েছে ৯১টি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৬৮ জনকে সাজা দেওয়া হয়েছে।খুলনা সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ বলেন, নগরে মাদক আসা রোধে ব্যাপক চেষ্টা চালানো হচ্ছে। বিভিন্ন স্পট থেকে চলতি মাসে ১০ জনকে গ্রেপ্তার করে ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।