সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে বিডিআর গত মঙ্গলবার রাতে ২১২ কার্টন ভারতীয় কাপড় আটক করেছে। বিডিআরের দাবি, এসব কাপড় আমদানি নিষিদ্ধ। ১৯ লাখ টাকার সিনথেটিক কাপড় আমদানির ঘোষণা দিয়ে প্রায় কোটি টাকা মূল্যের এই সুতি কাপড় আনা হয়েছে। এই কাপড় আটকের প্রতিবাদে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, ট্রান্সপোর্ট মালিক সমিতি ও কয়েকটি শ্রমিক ইউনিয়ন ভোমরা বন্দর থেকে সব ধরনের আমদানি-রপ্তানি গতকাল বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে। এর ফলে ভারতীয় পণ্যবাহী ২৫০টি ট্রাক ঘোজাডাঙা বন্দরে আটকে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিডিআর সূত্র জানায়, ভারত থেকে সিনথেটিক্স ফেব্রিক্স ও সিনথেটিক্স থ্রিপিসের কাপড় আমদানির ঘোষণা দিয়ে গত মঙ্গলবার সুতি কাপড় আমদানি করে ঢাকার পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের মেসার্স রিয়ামণি নামের একটি প্রতিষ্ঠান। বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট সুলতান এন্টারপ্রাইজের পক্ষে শওকত হোসেন এসব পণ্য ভোমরা কাস্টমস থেকে প্রাথমিকভাবে ছাড় করান। গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কয়েকজন বিডিআর সদস্য ওই কাপড় আটক করেন।ভোমরা বন্দরের কাস্টমস সুপার হাসান মোর্শেদ জানান, আমদানি করা কাপড় প্রাথমিকভাবে ছাড় করার পর সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্টের জিম্মায় বন্দর এলাকার গুদামে রাখা হয়। পরে আমদানিকারকের ঘোষণা অনুযায়ী পণ্য এসেছে কি না তা তদন্ত করে গোয়েন্দা ও কাস্টমস কর্তৃপক্ষ। এর পর পণ্যের নমুনা খুলনা কাস্টমস কমিশনার যাচাই-বাছাই করে ছাড় করে থাকেন। কিন্তু যাচাইয়ের আগেই নিয়মবহির্ভূতভাবে ওই সব পণ্য আটক করে বিডিআর। তিনি আরও জানান, এ ব্যাপারে বিস্তারিত উল্লেখ করে ভোমরা কাস্টমস সুপার জাহাঙ্গীর হোসেন গতকাল সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।এদিকে ভারতে ফিরে যাওয়ার জন্য অপেক্ষমাণ ট্রাকের চালক (ডব্লিউবি—২৩এ—৫০০৫) জামাল গাজীকে টোকেন ভাঁজ হয়ে যাওয়ায় গতকাল সকালে মারধর করেন ভোমরা বিডিআর ক্যাম্পের হাবিলদার সুভাষ হাজং।