ভোমরা বন্দরে তিন ঘণ্টা আমদানি-রপ্তানি বন্ধ
দাবি করা চাঁদার টাকা না দেওয়ায় ভারতের পশিচমবঙ্গের ঘোজাডাঙ্গা এলাকায় এক ট্রাকচালকের সহকারীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবার সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল। পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার খোলাপোতা গ্রামের ট্রাকচালক কাদের গাজী জানান, মঙ্গলবার দুপুর দুইটার দিকে ট্রাকে করে বাংলাদেশে পণ্য নিয়ে আসার সময় ঘোজাডাঙ্গা অগ্রগতি সংঘের লোকজন সরস্বতী পূজার জন্য তাঁর কাছে ১০০ রুপি চাঁদা দাবি করেন। তিনি ২০ রুপি দিতে চাইলে ওই সংগঠনের সদস্যরা তাঁকে মারধর করেন। এ খবর ছড়িয়ে পড়লে অন্য ট্রাকচালকেরা রাস্তায় এলোপাতাড়ি গাড়ি রেখে যানবাহন চলাচল বন্ধ করে দেন। ফলে বাংলাদেশমুখী পণ্যবাহী শতাধিক ট্রাক রাস্তায় আটকা পড়ে। আর ঘোজাডাঙ্গা-ভোমরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।ভোমরা বন্দর কাস্টমস সুপার মোস্তফা কামাল জানান, ভারত প্রান্তে সড়ক অবরোধের ফলে কিছু সময় পণ্যবাহী ট্রাক আসতে পারেনি। বিকেল পৌনে পাঁচটা থেকে ফের গাড়ি ঢোকা শুরু হয়।