ভোমরা বন্দরে তিন দিন ধরে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার ভোমরা বন্দরে সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের ধর্মঘটের কারণে গত বুধবার থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ফলে ভারতের ঘোজাডাঙ্গা ও বাংলাদেশের ভোমরায় পণ্যবাহী অন্তত ৬০০ ট্রাক আটকা পড়েছে। সিনথেটিক কাপড়ের কথা বলে সুতি কাপড় আমদানির অভিযোগে গত মঙ্গলবার বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ২১২ কার্টন ভারতীয় ফেব্রিক্স ও থ্রি-পিস আটক করে। সেই কাপড় ফেরত ও বন্দর থেকে বিডিআরের নিরাপত্তাচৌকি অপসারণসহ বিভিন্ন দাবিতে গত বুধবার থেকে ধর্মঘটের ডাক দেয় সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনসহ আরও কয়েকটি সংগঠন। ভোমরা কাস্টমস কর্তৃপক্ষ জানায়, আটক করা কাপড় সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্টের জিম্মায় রাখা হয়েছে। কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখবে। ভোমরা বন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী নওশেদ দেলোয়ার গতকাল শুক্রবার জানান, সমস্যা নিরসনে বিডিআর ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের আলোচনা চলছে। আগামীকাল (আজ) শনিবার থেকে আমদানী-রপ্তানী কার্যক্রম যাতে চালু হয় সে ব্যাপারে তাঁরা উদ্যোগ নেবেন। ভোমরা কাস্টমস সুপার হাসান মোর্শেদ জানান, দুই দিন ধরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। পণ্য বোঝাই অন্তত ৬০০ ট্রাক দুই দেশে আটকে রয়েছে। আমদানি-রপ্তানি বন্ধ থাকায় সরকার প্রতিদিন গড়ে ৫০ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইকবাল আজিম জানান, আটক করা পণ্য কাস্টমসের গুদামে জমা দেওয়া হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।