ভোমরা সীমান্তে আটক ১৫ ব্যক্তি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে ভারত থেকে সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে আসার সময় ১৫ জন বাংলাদেশিকে গত মঙ্গলবার আটক করা হয়। একই দিন এক পরিবারের আট রোহিঙ্গা সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল বুধবার ১৫ বাংলাদেশিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিদের বাড়ি সাতক্ষীরা, খুলনা ও নড়াইল জেলার বিভিন্ন গ্রামে। সাতক্ষীরা বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ৪১ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর খোরশেদ আলম জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে ১৫ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু ভারত থেকে অবৈধপথে ভোমরায় আসেন। সীমান্তের পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে রাত ১১টার দিকে তাদের আটক করা হয়। সকালে তাদের থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, স্থানীয় লোকজন এক পরিবারের আট রোহিঙ্গাকে সাতক্ষীরা বাস টার্মিনাল থেকে আটক করে মঙ্গলবার রাত ১০টায় পুলিশে সোপর্দ করে। ভোমরা সীমান্তে আটক ব্যক্তিরা জানান, তাঁরা কাজ করতে তিন বছর আগে ভারতে গিয়েছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তাঁরা বাড়ি ফিরছিলেন।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী খান বলেন, এ ব্যাপারে বিজিবির ল্যান্স নায়েক শাখের হোসেন বাদী হয়ে পাসপোর্ট আইনে গতকাল থানায় একটি মামলা করেন। আটক রোহিঙ্গাদের যশোরের একটি মানবাধিকার সংস্থার কাছে তুলে দেওয়া হবে।